সব নাগরিকের সমান অধিকার নিশ্চিতের অঙ্গীকার করলেন আইসিটি মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার। তিনি বলেন, সাধারণ মানুষ সবসময় তাদেরই সমর্থন দেন, যারা এলাকা ও দেশের সার্বিক উন্নয়নে সরাসরি কাজ করেন। এছাড়া ভালো কাজের সঠিক মূল্যায়ন ও স্বীকৃতি রাজনীতিবিদদের জনসেবায় আরও বেশি উদ্বুদ্ধ ও উৎসাহিত করে বলে মন্তব্য করেন তিনি।

রাজধানীর বনানীর কড়াইলে বিটিসিএল আবাসিক এলাকায় রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সার্বজনীন পূজা উদযাপন পরিষদ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই ‘শারদীয় শুভেচ্ছা’ সভার আয়োজন করে।

অনুষ্ঠানে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সকলকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী সবসময় হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে রয়েছেন এবং তাঁদের কল্যাণে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পাওয়া শাড়ি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিতরণ করেন মন্ত্রী। একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

পূজা উদযাপনকারীদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে আইসিটি মন্ত্রী আশ্বাস দেন যে, কড়াইল এলাকার রাস্তাঘাট সংস্কার, সুপেয় পানির ব্যবস্থা ও আবাসনসহ স্থানীয় নানা উন্নয়নমূলক দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে এসব সমস্যা সমাধানের কার্যকর উদ্যোগ নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, এলাকার উন্নয়ন কাজ ত্বরান্বিত করতে স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত প্রয়োজন।

বিটিসিএল সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ব্রিটিশ চন্দ্র কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন। পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিটিসিএল ও এর অধীনস্থ দপ্তরগুলোর কর্মকর্তা-কর্মচারী, তাঁদের পরিবারের সদস্য এবং পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।