দন্ত চিকিৎসক থেকে রাজনীতিতে আসা মনসুর আব্বাস একসময় বেনিয়ামিন নেতানিয়াহুকে ইসরায়েলের ক্ষমতা থেকে সরাতে বড় ভূমিকা রেখেছিলেন। আসন্ন ২৭ অক্টোবরের নির্বাচনেও তিনি সরকার গঠনের মূল নিয়ামক বা ‘কিংমেকার’ হয়ে ওঠার সংকল্প নিয়ে এগোচ্ছেন। কট্টর ডানপন্থী নেতানিয়াহুর পথ রুদ্ধ করতে এবার তিনি সাবেক শীর্ষ ইহুদি পুলিশ কর্মকর্তা ও আইনপ্রণেতা ইয়াভ সেগালোভিচকে পাশে টেনে নিয়েছেন।
ইসরায়েলের কট্টর ডানপন্থী রাজনীতিতে ‘ইউনাইটেড আরব লিস্ট’ বা ‘রাম’ দলের নেতা মনসুর আব্বাসকে বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু নির্বাচনী প্রচারণায় ইহুদি ভোটারদের সতর্ক করে বলছেন, তিনি ক্ষমতাচ্যুত হলে সরকার গঠনের চাবিকাঠি চলে যাবে আব্বাসের হাতে, যা ইসরায়েলের জন্য ‘ঘরের ভেতরের’ বিপদ। ডানপন্থীদের আশঙ্কা, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মূল চালিকা শক্তি হবেন তিনি। তবে আব্বাসের মনোযোগের কেন্দ্রে রয়েছে মূলত ইসরায়েলি আরব নাগরিকেরা, যারা দেশটির মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ। আবাসন বৈষম্য এবং সহিংস অপরাধে জর্জরিত এই আরব জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠাই তাঁর মূল অগ্রাধিকার।
১৯৯৬ সালে ইসরায়েলের ইসলামিক মুভমেন্টের একটি শাখার হাত ধরে গঠিত ‘রাম’ মূলত এক সামাজিকভাবে রক্ষণশীল দল। দলটি মূলধারার ইহুদি দলগুলোর সঙ্গে সরকারে যোগ দিয়ে মুসলিম পরিচয়কে শক্তিশালী এবং আরবদের ক্ষমতায়িত করতে কাজ করে। গ্যালিলির দ্রুজ, খ্রিষ্টান ও মুসলিম অধ্যুষিত মাঘার শহরে মুদিদোকানির ঘরে জন্ম নেওয়া ৫২ বছর বয়সী মনসুর আব্বাস পেশায় দন্ত চিকিৎসক হলেও নিজের শহরে সহিংসতা বন্ধ ও ঘরবাড়ি পুনর্নির্মাণের মীমাংসায় নেমে রাজনীতির পথ বেছে নেন। পরবর্তীতে ২০১৯ সালে তিনি নেসেটে (ইসরায়েলি পার্লামেন্ট) নির্বাচিত প্রতিনিধি হিসেবে প্রবেশ করেন এবং আরব এলাকায় লাগামহীন অপরাধ বন্ধের ওপর জোর দেন।
২০২১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর টানা ১২ বছরের শাসনের অবসান ঘটিয়ে নাফতালি বেনেটের নেতৃত্বাধীন জোট সরকারে যোগ দিয়ে ঐতিহাসিক পরিবর্তন এনেছিলেন মনসুর আব্বাস। সেটিই ছিল মূলধারার আরব ও জায়নবাদী ইহুদি রাজনীতিবিদদের মধ্যে প্রথম প্রত্যক্ষ জোট। তৎকালীন রাজনৈতিক পদক্ষেপের ধারাবাহিকতায় আব্বাস ২০২১ সালের মে মাসে সংঘর্ষের সময় লোড শহরের পুড়ে যাওয়া সিনাগগ পরিদর্শনে যান এবং তা পুনর্নির্মাণে সহায়তার প্রস্তাব দেন। সে সময় অনেক আরব নাগরিক তাঁর পদত্যাগের দাবি তুললেও আব্বাসের যুক্তি ছিল—ক্ষমতার অংশীদার হয়েই কেবল দীর্ঘমেয়াদি পরিবর্তন আনা সম্ভব।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে প্রবেশ করে প্রায় ১ হাজার ২০০ জনকে হত্যা ও ২৫০ জনকে জিম্মি করার পর থেকে ইসরায়েলে ফিলিস্তিনি ও আরব নাগরিকদের ওপর সন্দেহ বাড়ে। আব্বাস প্রথম দিন থেকেই ৭ অক্টোবরের হামলার তীব্র নিন্দা জানান এবং সহিংসতা বন্ধে কথা বলেন। একই সঙ্গে তিনি গাজা সীমান্ত থেকে বাস্তুচ্যুত ইসরায়েলিদের আবাসন সহায়তায় এগিয়ে আসেন। কিন্তু এই স্পষ্ট অবস্থানের কারণে অন্যান্য আরব দলগুলোর নেতাদের ক্ষোভের মুখে পড়েন আব্বাস; তাঁদের কেউ কেউ আব্বাসকে ‘বেইমান’ বলেও আখ্যা দেন।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নাজারেথে আয়োজিত সংবাদ সম্মেলনে আব্বাস একটি ঐতিহাসিক পদক্ষেপ নেন। তিনি ঘোষণা করেন, মধ্য-বামপন্থী ইহুদি আইনপ্রণেতা ইয়াভ সেগালোভিচকে ‘রাম’-এর প্রার্থী তালিকার দুই নম্বর পজিশনে রাখা হয়েছে। সাবেক এই জাতীয় নিরাপত্তা উপমন্ত্রী দায়িত্ব পালনকালে আরব অঞ্চলে অপরাধ দমনে বিশেষ টাস্কফোর্স গঠন করেছিলেন, যার ফলে হত্যাকাণ্ডের হার ১৬ শতাংশ কমেছিল। তবে ২০২২ সালে নেতানিয়াহু আবার ক্ষমতায় এলে সেগালোভিচের নেওয়া উদ্যোগগুলো বাতিল হয়। অ্যাব্রাহাম ইনিশিয়েটিভসের তথ্য অনুযায়ী, গত বছর রেকর্ড ২৫২ জন আরব নাগরিক নিহত হয়েছেন। তবে সেগালোভিচের কিছু বিষয় মনসুর আব্বাসের জন্য অস্বস্তির। আব্বাসের সমকামী অধিকারের বিরোধিতা কিংবা সেগালোভিচের আরবি না জানা ও ধর্মনিরপেক্ষতার পার্থক্যের পরও পরিবর্তন আনতে তারা এক ছাতার নিচে এসেছেন। হিব্রু ভাষায় আব্বাস বলেন, ‘পরিবর্তন আনতে হলে অন্য মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে, শত্রু হিসেবে নয়।’
নির্বাচন যত ঘনিয়ে আসছে, সব দিক থেকেই আক্রমণের মুখোমুখি হচ্ছেন তিন সন্তানের জনক মনসুর আব্বাস। পশ্চিম তীর ও গাজায় যুদ্ধের কারণে ফিলিস্তিনি রাষ্ট্র নিয়ে কথা না বলায় আরব ভোটারদের অনেকেই অসন্তুষ্ট, আবার সংক্ষেপে ফিলিস্তিন রাষ্ট্রের কথা উল্লেখ করলেও ইহুদি বিরোধী নেতারা তাঁর সমালোচনা করছেন। তা সত্ত্বেও আব্বাস নিজের কৌশল থেকে সরছেন না। সাখনিন শহরে নির্বাচনী প্রচারে গিয়ে ভোটারদের আশ্বস্ত করে আব্বাস বলেন, বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নতুন সরকার গঠন করে সহিংসতা ও অপরাধ কমানোই তাঁর প্রধান লক্ষ্য।

