বাবার মৃত্যুতে শ্রাবণ্যর এবারের জন্মদিন কাটবে সাদামাটা আয়োজনে

ক্রিকেট মাঠের উত্তেজনা কিংবা জমকালো লাইভ কনসার্ট—মাইক্রোফোন হাতে স্ক্রিনে শ্রাবণ্য তৌহিদার উপস্থিতি মানেই দর্শকদের বাড়তি আগ্রহ। মিষ্টি হাসি, নিখুঁত উচ্চারণ আর উপস্থিত বুদ্ধির জাদুতে বছরের পর বছর বিনোদনপ্রেমীদের বুঁদ করে রেখেছেন তিনি। তবে রুপালি পর্দার এই পরিচিত মুখের আড়ালে রয়েছে এক কঠোর পরিশ্রমী ও মানবিক সত্তা। লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ার পাশাপাশি তিনি একজন পূর্ণকালীন নিবন্ধিত চিকিৎসকও।

আজ এই জনপ্রিয় উপস্থাপিকার জন্মদিন। প্রতি বছর জীবনের এই বিশেষ দিনটি বেশ জমকালোভাবে কাটলেও এবার তার ব্যতিক্রম ঘটছে। শ্রাবণ্য জানান, কিছুদিন আগেই তার বাবা মারা গেছেন। বাবার মৃত্যুর পর এটিই তার প্রথম জন্মদিন, যে কারণে মন খারাপ থাকায় এবারের জন্মদিন নিয়ে তার কোনো বিশেষ পরিকল্পনা নেই। তিনি বলেন, 'সবাই জন্মদিন ঘিরে বড় পরিসরে পরিকল্পনা করতে চেয়েছিল কিন্তু এবার ঘরোয়াভাবেই কাটবে। বাবার জন্য দোয়ার আয়োজন করব।'

জন্মদিন প্রসঙ্গে স্মৃতিচারণ করে শ্রাবণ্য বলেন, 'শৈশবের জন্মদিন ছিল একরকম, এখন অন্য রকম। দুটির মধ্যে অনেক পার্থক্য আছে। তবে এখনকার জন্মদিন বেশ উপভোগ করি। প্রতি বছর ১৫টির বেশি কেক কাটা হয়। আমার জীবনের সেরা উপহার ছিল বাবার দেওয়া। তিনি একবার কথাসাহিত্যিক জাফর ইকবালের এক বাক্স বই দিয়েছিলেন। বিষয়টা মজার ছিল এবং আমার কাছে সেরা।' এছাড়া বেলী ফুলসহ নানান উপহার পাওয়ার কথা জানিয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন।

উপস্থাপনায় শ্রাবণ্য তৌহিদা এক অতি পরিচিত নাম। খেলার খুঁটিনাটি ও পিচ রিপোর্ট নিয়ে তার অগাধ জ্ঞান বিশেষজ্ঞদেরও চমকে দেয়। কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো থেকে শুরু করে দেশি-বিদেশি মহাতারকাদের সাক্ষাৎকার নিয়ে তিনি বারবার নিজের প্রজ্ঞা ও বাকপটুতার প্রমাণ দিয়েছেন। বর্তমানে তিনি এটিএন বাংলা, গ্লোবাল টিভি ও নাগরিক টিভিতে নিয়মিত উপস্থাপনা করছেন। ব্যস্ততা আর হাসপাতালের সাদা অ্যাপ্রোনের মাঝেও তিনি নিজের ভেতরের চিরসবুজ মানুষটিকে সজীব রেখেছেন।