প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এই ভাতা বাড়ানো হবে, যাতে তারা কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন।
প্রতিবন্ধী ব্যক্তিরাও সমাজের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের অধিকার, মর্যাদা ও প্রয়োজনীয় বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা করা সরকারের দায়িত্ব। অতীতে এ ক্ষেত্রে যেসব ঘাটতি ছিল, তা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও আদালতে সাংকেতিক ভাষা ব্যবহারের সুযোগ সৃষ্টির বিষয়টি বিবেচনার আশ্বাস দেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেবেন বলে জানান।
হাসপাতালগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে যোগাযোগের অসুবিধা দূর করতে সাংকেতিক ভাষা জানা ব্যক্তির ব্যবস্থা করার বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে। এছাড়া প্রতিবন্ধী নারীদের আইনি সহায়তা নিশ্চিতের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে। এ সংক্রান্ত আইনি সহায়তা নিশ্চিতে সমাজকল্যাণ, আইন এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রকৃত সংখ্যা নির্ধারণে সঠিক পরিসংখ্যান প্রয়োজন। নির্ভরযোগ্য তথ্য সংগ্রহের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। প্রতিবন্ধী কৃষকদের বিশেষ সুযোগ-সুবিধা প্রদান এবং সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়টিও সরকার বিবেচনা করবে। গণপরিবহনে প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াতের সমস্যা সমাধানে বিশেষ চাহিদাসম্পন্ন নারীদের জন্য পিংক বাসসেবা উপযোগী করা এবং বড় শহরগুলোতে প্রতিবন্ধীবান্ধব বাস চালুর সম্ভাবনা খতিয়ে দেখা হবে।
ভবন নির্মাণের ক্ষেত্রে নতুন নকশা অনুমোদনের সময় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশ ও চলাচলের উপযোগী ব্যবস্থা নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে। জাতীয় সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্বের প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, এটি সাংবিধানিক বিবেচনার বিষয় এবং এ নিয়ে দলের নেতাদের সঙ্গে আলোচনা করা হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার দুলালের সঞ্চালনায় ৩০ জন প্রতিনিধি তাদের দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। এ সময় মো. মহসিন নামের এক ক্রীড়াবিদ প্রধানমন্ত্রীর জন্য ক্যাপ উপহার দিলে প্রধানমন্ত্রী মঞ্চ থেকে নেমে এসে তা গ্রহণ করেন এবং বিদেশে খেলাধুলায় অংশগ্রহণের ক্ষেত্রে তার দলকে সহযোগিতার আশ্বাস দেন।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

