পাকিস্তানের ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের (সিএনএসসি) প্রধান জেনারেল সৈয়দ আমির রাজা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশটির সীমান্তে যেকোনো ধরনের আগ্রাসন বা সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় কঠোর জবাব দেওয়া হবে। শনিবার কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমির (পিএমএ) এক পাসিং আউট অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
জেনারেল রাজা স্পষ্ট করে বলেন, দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের অবস্থান অত্যন্ত আপসহীন। তিনি আরও বলেন, পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে সংঘাতের কোনো অবকাশ নেই। তবে কোনো পক্ষ যদি ভুল হিসাব করে, তবে তার পরিণতি হবে কল্পনাতীত।
আধুনিক প্রযুক্তির প্রসারের ফলে যুদ্ধের ধরনে যে পরিবর্তন এসেছে, সে বিষয়ে আলোকপাত করে জেনারেল রাজা বলেন, এই বাস্তবতায় পাকিস্তানের সশস্ত্র বাহিনীও নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে বহুমাত্রিক রূপান্তর কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তিনি অভিযোগ করেন, অপারেশন সিন্দুরে ব্যর্থ হওয়ার পর প্রতিপক্ষ প্রক্সি সন্ত্রাসবাদ, অপপ্রচার এবং প্রচলিত যুদ্ধের বাইরের বিভিন্ন কৌশলের মাধ্যমে পাকিস্তানের সামাজিক সংহতি ও রাষ্ট্রীয় কাঠামো দুর্বল করার চেষ্টা করছে।
শান্তি, সংলাপ ও আঞ্চলিক স্থিতিশীলতাকে পাকিস্তান অগ্রাধিকার দেয় উল্লেখ করে জেনারেল রাজা বলেন, শান্তির প্রতি এই অঙ্গীকারকে যেন কেউ দুর্বলতা হিসেবে ভুল না করে। দেশের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় সশস্ত্র বাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১২: ৫৯আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১৩: ০০

