আশুলিয়ায় যুবলীগ কর্মী মমিনের মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

১৮ সেপ্টেম্বরের কর্মসূচির পরদিন বাসা থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ অক্টোবর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক : আশুলিয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কর্মী মোঃ মমিনের মৃত্যুকে কেন্দ্র করে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে যুবলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণ মিছিলে অংশ নেওয়ার জেরে পরদিন ১৯ সেপ্টেম্বর বিকেলে বিএনপির নেতাকর্মী পরিচয়ধারী একদল ব্যক্তি তাকে বাসা থেকে তুলে নিয়ে যায়। পরে তাকে মারধর করে গুরুতর আহত অবস্থায় একটি খোলা মাঠে ফেলে রেখে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, আশুলিয়া থানা যুবলীগের নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে পরিচিত মোঃ মমিনকে তুলে নিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তার হাত-পা ও বুকের পাঁজর ভেঙে যায় বলে দাবি করা হয়েছে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তাকে খোলা মাঠে ফেলে রেখে যায় অভিযুক্তরা।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুকের পাঁজর ভাঙার কারণে তার বুকের ভেতরে রক্তক্ষরণ হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখে হাসপাতালে মোঃ মমিনের মৃত্যু হয়।

তার মৃত্যুর ঘটনায় দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্বজন ও সংশ্লিষ্টরা। মোঃ মমিনের মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।