বিশ্বজুড়ে খাবারের বিপুল অপচয় ও ক্ষুধার বাস্তবতাকে সামনে রেখে আজ ১৬ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস। প্রতি পাঁচ থালা খাবারের প্রায় এক থালা খাবারই ফেলে দেওয়া হয়, যার ফলে বছরে নষ্ট হয় ১০৫ কোটি টন খাদ্য। অথচ একই সময়ে বিশ্বের ৬৪ কোটি ৫০ লাখ মানুষ ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছে, যার অর্থ প্রতি ১৩ জনের মধ্যে প্রায় একজন পর্যাপ্ত খাবার থেকে বঞ্চিত। ১৯৪৫ সালের ১৬ অক্টোবর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) প্রতিষ্ঠিত হওয়ার দিনটিকে স্মরণ করে প্রতিবছর এই দিবসটি পালিত হয়। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আজই উদ্ভাবন, আগামীর পুষ্টি’, যার মূল লক্ষ্য এমন একটি টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলা যেখানে অপচয় কমবে এবং বেশি মানুষ পুষ্টি পাবে।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে ক্ষুধার হার টানা তৃতীয় বছরের মতো কমলেও তা করোনা মহামারির আগের সময়ের তুলনায় এখনো বেশি। জাতিসংঘের ‘বিশ্বে খাদ্যনিরাপত্তা ও পুষ্টির পরিস্থিতি’ শীর্ষক বার্ষিক প্রতিবেদন বলছে, ২০২৫ সালে বিশ্বের ৭ দশমিক ৮ শতাংশ মানুষ ক্ষুধার মুখে ছিল, যেখানে ২০২৪ সালে এ হার ছিল ৮ দশমিক ১ শতাংশ এবং ২০২২ সালে তা বেড়ে ৮ দশমিক ৬ শতাংশে পৌঁছেছিল। তবে ২০১৯ সালের তুলনায় ২০২৫ সালে ক্ষুধার্ত মানুষের সংখ্যা প্রায় ৬ কোটি ১০ লাখ বেশি।
আফ্রিকায় ক্ষুধার্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। ২০২৫ সালে মহাদেশটিতে প্রায় ৩০ কোটি ৯০ লাখ মানুষ অপুষ্টিতে ভুগেছে, অর্থাৎ সেখানকার প্রতি পাঁচজনের একজন পর্যাপ্ত পুষ্টিকর খাবার পায়নি। বিশ্বের মোট ক্ষুধার্ত মানুষের প্রায় অর্ধেকই এই মহাদেশের বাসিন্দা। এশিয়ায় অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যা ছিল ২৯ কোটি ২০ লাখ, যা অঞ্চলটির মোট জনসংখ্যার ৬ শতাংশ। লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে এ সংখ্যা ৩ কোটি ২০ লাখ বা মোট জনসংখ্যার ৪ দশমিক ৮ শতাংশ।
সংকটের তীব্রতার ভিত্তিতে আটটি দেশে ক্ষুধার পরিস্থিতি উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার সাতটিই আফ্রিকায়। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে সোমালিয়া। এছাড়া গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, চাদ, মাদাগাস্কার, সুদান, দক্ষিণ সুদান, বুরুন্ডি ও ইয়েমেনের পরিস্থিতিও অত্যন্ত উদ্বেগজনক। তবে বিভিন্ন দেশে সংঘাত ও তথ্যের ঘাটতির কারণে নির্দিষ্ট স্কোর নির্ধারণ করা সম্ভব হয়নি।

