যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওরেগন অঙ্গরাজ্যে একটি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার বেন্ড শহরের সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে এই হামলার ঘটনা ঘটে। এতে তিন শিশু ও একজন শিক্ষক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও এক শিশু ও একজন শিক্ষক গুরুতর আহত হয়েছেন।
বেন্ডের পুলিশপ্রধান মাইক ক্রানজ জানিয়েছেন, প্রথমে একজন ব্যক্তি বড় বন্দুক নিয়ে স্কুলে ঢুকে গুলি চালানোর খবর জানান। খবর পাওয়ার পরপরই পুলিশ স্কুলটি ঘিরে ফেলে। ভেতরে প্রবেশের পর পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে মৃত অবস্থায় খুঁজে পায়। পুলিশের ভাষ্যমতে, ১৬ বছর বয়সী ওই হামলাকারীকে পরে অন্য এক সশস্ত্র ব্যক্তি হত্যা করেছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, নিহত তিন শিশুর বয়স ৫, ৮ ও ১১ বছর। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা শিশুটির বয়স ৭ বছর এবং আহত শিক্ষকের বয়স ৫৪ বছর। হামলাকারী বেন্ড শহরেরই বাসিন্দা ছিলেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
ঘটনার পর বেন্ড শহরের স্কুল জেলার তত্ত্বাবধায়ক স্টিভ কুক গভীর শোক প্রকাশ করেছেন এবং শুক্রবার শহরের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ বছর এখন পর্যন্ত ৩৬০টিরও বেশি গুলির ঘটনা ঘটেছে।

