জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্যাম্পাসে পশু জবাইয়ে প্রশাসনের দেওয়া নিষেধাজ্ঞার প্রতিবাদে শিক্ষার্থীরা ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের একটি গরু নিয়ে আনন্দ মিছিল করেছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে শুরু হওয়া এই মিছিলে গরুর পাশাপাশি একটি ছাগলও রাখা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা গরু ভোজের অধিকারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের কণ্ঠে ‘লাল গরু না কালা গরু, লাল গরু লাল গরু’, ‘লালডা না কালাডা, লাল ডা লাল ডা’, ‘তোমার আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’ এবং ‘গরু খাওয়ার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’সহ নানা স্লোগান শোনা যায়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) এজিএস মাসুদ রানা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের নির্দেশনার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি বলেন, “কেউ যেন ভবিষ্যতে গরু খাওয়া আটকানোর দুঃসাহস না দেখাতে পারে, সেই বিশেষ বার্তা দিতেই আমাদের এই আয়োজন। আমরা প্রশাসনের বার্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করব। অন্যান্য ধর্মাবলম্বীদের কথা বিবেচনায় রেখে গরুর পাশাপাশি একটি ছাগলও রাখা হবে।”
মাসুদ রানা আরও জানান, শিক্ষার্থীদের নিবন্ধন থেকে পাওয়া প্রায় ৫০ হাজার টাকা এবং দেশ-বিদেশ থেকে পাওয়া অর্থসহায়তা দিয়ে এই গরু কেনা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে খাবার বিতরণ করা হবে। সবাইকে দাওয়াত জানিয়ে তিনি বলেন, কী পরিসরে রান্না হবে এবং কীভাবে খাবার বিতরণ করা হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার কারণ দেখিয়ে ক্যাম্পাসে সব ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তের প্রতিবাদে জকসুর উদ্যোগে ক্যাম্পাসে বিক্ষোভ ও সমাবেশের পর শিক্ষার্থীরা গরু ভোজের এই কর্মসূচি ঘোষণা করেন, যেখানে অংশগ্রহণের জন্য ৭০ টাকা নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছিল।

