শ্রমিক পরিবারের মেধাবী সন্তানদের উচ্চশিক্ষায় সহায়তার আশ্বাস শ্রমমন্ত্রীর

শ্রমিক পরিবারের মেধাবী সন্তানরা যেন আর্থিক সংকটের কারণে উচ্চশিক্ষা অর্জনে পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। বুধবার শ্রম ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫৮৩ জন শ্রমিককে প্রায় ৫ কোটি টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। এই সহায়তার আওতায় শ্রমিকদের চিকিৎসা ব্যয় নির্বাহ, প্রয়াত শ্রমিকের পরিবারের আর্থিক সুরক্ষা এবং শ্রমিকদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শ্রমিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, কারখানায় কোনো অনিয়ম বা সমস্যা দেখা দিলে সরাসরি শ্রম পরিদর্শকদের অবহিত করুন। কোনো প্ররোচনায় পড়ে রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমস্যাগুলো সরকারকে আগে জানালে আগাম ব্যবস্থা নেওয়া সহজ হয়, ফলে রাজপথে নামার প্রয়োজন পড়ে না।

তিনি আরও উল্লেখ করেন, শ্রমিকদের আন্তরিক সহযোগিতা এবং কারখানায় উৎপাদন বৃদ্ধির ধারা বজায় থাকলে ভবিষ্যতে এই অনুদানের পরিমাণ দ্বিগুণ করা সম্ভব হবে। শিল্পকারখানার উৎপাদন ও আয় বাড়লে মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রক্রিয়াও সহজতর হবে। তবে এর জন্য মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রাখা ও কারখানা সচল রাখা অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।

বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী জানান, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও নারায়ণগঞ্জের শ্রমিকদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়েছে। এটি বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর শ্রমিক কল্যাণে দেওয়া সবচেয়ে বড় অনুদান বলে তিনি দাবি করেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক সৈয়দ ইরতিজা আহসান। অনুষ্ঠানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদসহ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।