মহাবিশ্বে প্রাণের বিকাশ ও টিকে থাকার জন্য পৃথিবীই একমাত্র বা সেরা জায়গা নাও হতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, মহাকাশে এমন কিছু গ্রহ থাকতে পারে যেগুলো জীবন ধারণের পরিবেশের দিক থেকে পৃথিবীর চেয়েও বেশি উপযুক্ত। দ্য নিউইয়র্ক টাইমসের এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ‘সুপারহ্যাবিটেবল ওয়ার্ল্ডস’ বা অতিমাত্রায় বাসযোগ্য এসব জগতে উষ্ণ জলবায়ু, প্রচুর পানি এবং শত কোটি বছর ধরে প্রাণের বিবর্তনের অনুকূল পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞানীদের মতে, যেসব গ্রহে প্রাণের উদ্ভব, বিকাশ ও দীর্ঘমেয়াদে টিকে থাকার পরিবেশ পৃথিবীর তুলনায় উন্নত, সেগুলোকে সুপারহ্যাবিটেবল গ্রহ বলা হয়। এসব গ্রহ সাধারণত পৃথিবীর চেয়ে প্রায় ২০ থেকে ৩০ শতাংশ বেশি প্রশস্ত এবং ওজনে প্রায় দ্বিগুণ হতে পারে। ভর ও আকারের কারণে গ্রহগুলোর অভিকর্ষ বল শক্তিশালী হয়, যা ঘন বায়ুমণ্ডল ধরে রাখতে সাহায্য করে। ফলে সেখানকার জলবায়ু স্থিতিশীল ও তুলনামূলক উষ্ণ থাকে। এছাড়া শক্তিশালী লৌহকেন্দ্র থাকায় এগুলো বড় আকারের চৌম্বকক্ষেত্র তৈরি করতে পারে, যা ক্ষতিকর মহাজাগতিক বিকিরণ থেকে প্রাণকে সুরক্ষা দেয়।
গবেষকদের ধারণা, অতিমাত্রায় বাসযোগ্য এসব গ্রহে বিস্তৃত অগভীর সমুদ্র, দ্বীপমালা ও হ্রদ থাকতে পারে। পৃথিবীতে যেমন গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপ ও অগভীর পানিতে সমৃদ্ধ জীববৈচিত্র্য দেখা যায়, ঠিক তেমনি ভিনগ্রহেও বিশাল এলাকা জুড়ে এমন পরিবেশ থাকলে অনেক বেশি প্রজাতির প্রাণের বিকাশ ঘটতে পারে। তবে বিজ্ঞানীরা স্পষ্ট করেছেন যে, এটি এখনো একটি তাত্ত্বিক ধারণা এবং এখন পর্যন্ত বাস্তবে কোনো সুপারহ্যাবিটেবল গ্রহের অস্তিত্ব নিশ্চিত হওয়া যায়নি।
গবেষণায় বিশেষ জোর দেওয়া হচ্ছে ‘কে-ডোয়ার্ফ’ নামের এক ধরনের বামন নক্ষত্রের ওপর। সূর্যের চেয়ে আকারে ছোট, শীতল ও কমলা রঙের এই নক্ষত্রগুলো অত্যন্ত ধীরগতিতে নিজেদের জ্বালানি ব্যবহার করে। ফলে সূর্য যেখানে কয়েক শ কোটি বছর আলো দেয়, সেখানে কে-ডোয়ার্ফ নক্ষত্রগুলো কয়েক হাজার কোটি বছর পর্যন্ত স্থিতিশীল আলো ছড়িয়ে যেতে পারে। এতে সংশ্লিষ্ট গ্রহগুলোতে প্রাণের উদ্ভব ও জটিল বিবর্তনের জন্য দীর্ঘ সময় পাওয়া সম্ভব হয়।
জার্মানির বার্লিনের একটি গবেষণাগারে কে-ডোয়ার্ফ নক্ষত্রের আলো কৃত্রিমভাবে তৈরি করে পরীক্ষা চালিয়েছেন জ্যোতির্জীববিজ্ঞানী ইভা ভিলোভিচ। সেই কমলা আলোয় বাগানের শাক চাষ করে দেখা গেছে, কৃত্রিম সূর্যালোকের তুলনায় কমলা আলোয় উদ্ভিদ দ্রুত ও বেশি বৃদ্ধি পায়। এর মাধ্যমে ইঙ্গিত মেলে যে, কে-ডোয়ার্ফ নক্ষত্রকে ঘিরে থাকা গ্রহগুলোতেও সালোকসংশ্লেষণ সফলভাবে ঘটা সম্ভব। বর্তমানে জার্মানির লাইবনিজ ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোফিজিকসে কর্মরত ভিলোভিচ দ্য নিউইয়র্ক টাইমসকে জানান, ভিনগ্রহে প্রাণের অনুসন্ধানে এসব নক্ষত্রের আলোকে গুরুত্ব সহকারে দেখা উচিত।
পৃথিবীকে বাসযোগ্যতার একমাত্র আদর্শ মানদণ্ড না ভাবার কথা প্রথম ২০১০-এর দশকে তুলে ধরেন জ্যোতির্বিজ্ঞানী রেনে হেলার ও জন আর্মস্ট্রং। ২০১৪ সালে প্রকাশিত এক গবেষণাপত্রে তারা বলেন, জ্যোতির্বিজ্ঞানীদের শুধু পৃথিবীর মতো দেখতে গ্রহ খোঁজার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। কারণ, পৃথিবীতে প্রাণ টিকে থাকা কিছু সূক্ষ্ম প্রাকৃতিক ভারসাম্যের ওপর নির্ভরশীল। পৃথিবী সূর্যের সামান্য কাছে হলে হয়তো সমুদ্র তৈরি হতে পারত না। আবার সূর্যের উজ্জ্বলতা বাড়তে থাকায় আগামী প্রায় ৫০ কোটি বছরের মধ্যে অতিরিক্ত উত্তাপের কারণে পৃথিবী জটিল জীবদেহের অযোগ্য হয়ে পড়তে পারে। অন্যদিকে, ধীর বিবর্তনের কে-ডোয়ার্ফ নক্ষত্রের গ্রহগুলো বহু দীর্ঘ সময় ধরে বাসযোগ্য থাকে।
যদিও এসব গ্রহে সমৃদ্ধ বাস্তুতন্ত্রের কল্পনা করা হচ্ছে, তবুও পৃথিবীর বাইরে প্রাণের কোনো সুনির্দিষ্ট প্রমাণ এখনো মেলেনি। তাই বিজ্ঞানীরা উপযোগী তাপমাত্রা, তরল পানি, স্থিতিশীল বায়ুমণ্ডল এবং প্রাণের ইঙ্গিতবাহী বায়ুমণ্ডলীয় গ্যাসের সন্ধান করছেন। এ উদ্দেশ্যে ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) ২০২৭ সালে ‘প্ল্যাটো’ (পিএলএটিও) মিশন উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। প্ল্যাটো অভিযানের সাথে যুক্ত রেনে হেলার আশা করছেন, এর মাধ্যমে কে-ডোয়ার্ফ নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরা পাথুরে গ্রহসহ বহু সম্ভাবনাময় গ্রহের সন্ধান পাওয়া যাবে।
পরবর্তী ধাপে সম্ভাব্য গ্রহগুলোর বায়ুমণ্ডল বিশ্লেষণে সাহায্য করবে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। পাশাপাশি চিলিতে নির্মাণাধীন এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ ও ২০ ৪০-এর দশকে প্রস্তাবিত নাসার ‘হ্যাবিটেবল ওয়ার্ল্ডস অবজারভেটরি’ ভিনগ্রহের বায়ুমণ্ডলে প্রাণের রাসায়নিক লক্ষণ খুঁজতে আরও উন্নত প্রযুক্তি প্রদান করবে। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী এখন পর্যন্ত প্রাণের একমাত্র জানা ঠিকানা হলেও, ভবিষ্যতের এসব মহাকাশ অভিযান হয়তো বিশ্ববাসীকে অতিমাত্রায় অনুকূল কোনো নতুন জগতের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে।
অন্যদিকে, ২০৪০-এর দশকে উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে নাসার ‘হ্যাবিটেবল ওয়ার্ল্ডস অবজারভেটরি’র।

