নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে সাহেব আলী নামে এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনি এলাকার ইত্তেহাদ টাওয়ারের সামনে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেহাদ টাওয়ারের সিসিটিভি ফুটেজ, স্থানীয় বাসিন্দা এবং পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার সময় সাহেব আলী উত্তেজিত অবস্থায় ছিলেন। এ সময় রনি নামের এক ব্যক্তি তাকে লক্ষ্য করে মাথায় গুলি করেন বলে অভিযোগ রয়েছে। গুলিবিদ্ধ হওয়ার পর তিনি পাশের একটি খালে পড়ে গেলে সেখানে তাকে আরও দুটি গুলি করা হয়। প্রাথমিক তথ্যানুযায়ী, তাকে মোট তিনটি গুলি করা হয়েছে।
র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত সাহেব আলীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় মোট ২০টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতি ও ছিনতাইয়ের সাতটি, মাদকের দুটি, নারী ও শিশু নির্যাতনের একটি, সন্ত্রাসবিরোধী আইন ও নাশকতার তিনটি, সরকারি কাজে বাধা দেওয়ার পাঁচটি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের ছদ্মবেশে ডাকাতির দুটি মামলা অন্তর্ভুক্ত রয়েছে।

