ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে দুইদিন সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ

এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে টানা দুই দিন সারা দেশে সব এলপি গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাজধানীর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান।

সংগঠনটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ ও ১৬ অক্টোবর অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার সারা দেশে সব গ্যাসের দোকান বন্ধ থাকবে। ব্যবসায়ীদের অভিযোগ, তাদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে এবং এর প্রতিবাদেই তারা এই কঠোর কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে, গত ৪ অক্টোবর দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন মূল্য নির্ধারণের মাধ্যমে ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করেছে। তবে বর্তমানে সরকার নির্ধারিত এই দামে কোথাও এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলেও ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে।