আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে প্রায় প্রতিদিন স্বর্ণের দাম ওঠানামা করছে। এই ধারাবাহিকতায় আজ সোমবার (১২ অক্টোবর) থেকে দেশের বাজারে স্বর্ণের নতুন নির্ধারিত দাম কার্যকর হয়েছে। এর আগে গত শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয়।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা, যা আগে ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের দাম বাড়ানো হলেও রূপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৪ হাজার ৩১৬ টাকা এবং প্রতি গ্রাম ৩৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ১৪১ টাকা (প্রতি গ্রাম ৩৫৫ টাকা), ১৮ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৩ হাজার ৫৫৮ টাকা (প্রতি গ্রাম ৩০৫ টাকা) এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম ২ হাজার ৬৮৩ টাকা (প্রতি গ্রাম ২৩০ টাকা) নির্ধারণ করা হয়েছে।
বাজুসের নির্দেশনা অনুযায়ী, অলংকারের নকশা ভেদে মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্যালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে।

