তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থার মধ্যেই প্রশাসনিক ভবনের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে প্রশাসনিক ভবন-২ এর তালা ভেঙে তিনি ভেতরে প্রবেশ করেন।

এর আগে উপাচার্যের সফরসূচি অনুযায়ী তিনি ঢাকায় অবস্থান করছেন বলে জানা গিয়েছিল। তবে সোমবার সকালে হঠাৎ করেই তিনি চুয়েট ক্যাম্পাসে উপস্থিত হন। এ সময় তার সঙ্গে ছাত্রদলপন্থি বর্তমান ও সাবেক আট থেকে দশজন শিক্ষার্থীও প্রশাসনিক ভবনে প্রবেশ করেন এবং পরে তারা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন। এর আগে উপাচার্য নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। পাশাপাশি সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, যার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হয়েছে।