শিক্ষার্থীদের সফলতার পেছনে বাবা-মায়ের ত্যাগের গল্প রয়েছে: মাহদী আমিন

প্রতিটি শিক্ষার্থীর অর্জন ও সাফল্যের পেছনে বাবা-মায়ের নির্ঘুম রাত, পরীক্ষার উদ্বেগ এবং নানা চ্যালেঞ্জ পেরিয়ে দীর্ঘ পথচলার এক অসামান্য ত্যাগের গল্প লুকিয়ে থাকে। রোববার (১১ অক্টোবর) ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর ৩৮তম সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এবং আইইউটির উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন বিন ইবনে রিয়াজ স্বাগত বক্তব্য রাখেন।

গ্র্যাজুয়েটদের উদ্দেশে মাহদী আমিন বলেন, আজকের অর্জিত সার্টিফিকেট তাদের আলোকিত ও সমৃদ্ধ ক্যারিয়ারের পথে এগিয়ে নেবে। তবে এই সাফল্যের পেছনে থাকা বাবা-মায়ের দীর্ঘ ত্যাগের ইতিহাস ও সংগ্রামের কথা সবসময় স্মরণে রাখার আহ্বান জানান তিনি।

আইইউটির ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, এই প্রতিষ্ঠানের প্রতি তার বিশেষ ব্যক্তিগত অনুভূতি রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফিলিস্তিনের মহান নেতা ইয়াসির আরাফাতকে সঙ্গে নিয়ে এই প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। মুসলিম উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানের গ্র্যাজুয়েটরা বিশ্বমঞ্চে মেধার স্বাক্ষর রেখে চলেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র আরও উল্লেখ করেন যে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বহুবার এই ক্যাম্পাসে এসেছেন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেও শিক্ষা ও প্রযুক্তির এই ধারা অব্যাহত থাকবে।

প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে উপদেষ্টা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা রোবোটিক্স ডেটা বিশ্লেষণ করতে পারলেও প্রযুক্তি পরিচালনার বিষয়টি মানুষের সুবুদ্ধি, সততা ও মূল্যবোধের ওপর নির্ভর করে। তিনি শিক্ষার্থীদের কেবল ক্যারিয়ার গড়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজ, মানবজাতি এবং তরুণদের ক্ষমতায়নে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে, সিলিকন ভ্যালির বাইরে আইইউটি’র গ্র্যাজুয়েটদের মধ্য থেকেই প্রযুক্তির পরবর্তী যুগান্তকারী বিপ্লব সূচিত হতে পারে।

উল্লেখ্য, এবারের সমাবর্তন অনুষ্ঠানে ৬৫৯ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়েছে। এছাড়া কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সাতজন শিক্ষার্থীকে গোল্ড মেডেল দেওয়া হয়। এর মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আহমেদ রানী ‘ওআইসি গোল্ড মেডেল’ এবং অন্য ছয়জন শিক্ষার্থী ‘আইইউটি গোল্ড মেডেল’ লাভ করেন। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন তাদের হাতে সনদ ও মেডেল তুলে দেন।