সৌদিতে চার দফা হামলার দাবি হুতিদের, লক্ষ্যবস্তু বিমানবন্দর ও আরামকো

ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে চার দফা অভিযান চালানোর দাবি করেছে। শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার দায় স্বীকার করে গোষ্ঠীটি রোববার জানিয়েছে, ইয়েমেনে তাদের নিয়ন্ত্রিত এলাকায় সৌদি আরবের বিমান হামলার জবাবেই এসব অভিযান চালানো হয়েছে। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে জানান, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে সৌদি আরব ১২৪টি বিমান হামলা চালিয়েছে। এর জবাবেই হুতিরা চারটি অভিযান পরিচালনা করেছে বলে তিনি দাবি করেন।

বিবৃতি অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে তিন ধাপে হামলা চালানো হয়েছে। এতে বিমানবন্দরটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এছাড়া সৌদি আরবের রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি আরামকোর শুগাদাম গ্যাস স্থাপনায় হামলায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে গোষ্ঠীটি দাবি করেছে। আরামকোর তানাজিব তেল শোধনাগারেও হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়ার দাবি করেছে তারা।

হুতিদের দাবি অনুযায়ী, চতুর্থ অভিযানটি চালানো হয়েছে দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে। এতে বিমান চলাচল ব্যাহত হয়েছে বলে জানিয়েছেন সারি। হামলার পর হুতিরা আন্তর্জাতিক কোম্পানি, বিশেষজ্ঞ, কর্মী এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনা না করার সতর্কবার্তা পুনর্ব্যক্ত করেছে। তাদের দাবি, মক্কা ও মদিনার বিমানবন্দর এবং আকাশসীমা ছাড়া সৌদি আরবের অন্য বিমানবন্দরগুলো নিরাপদ নয়।