২০২৬ বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে অনলাইনে দল ও খেলোয়াড়দের ঘিরে ব্যাপক মাত্রায় ট্রোলিং ও বিদ্বেষমূলক বার্তা ছড়িয়ে পড়ার তথ্য জানিয়েছে ফিফা। শনিবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম সুরক্ষা পরিষেবার (এসএমপিএস) এক গবেষণা প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে দেখা যায়, টুর্নামেন্ট যত এগিয়েছে, সাইবার বুলিংয়ের মাত্রাও তত বেড়েছে।
দলগতভাবে অনলাইন আক্রমণের সবচেয়ে বড় শিকার হয়েছে আর্জেন্টিনা। তালিকায় আর্জেন্টিনার পরেই রয়েছে ইংল্যান্ড, স্পেন, ব্রাজিল ও নরওয়ে। বিশেষ করে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে লক্ষ্য করে প্রচুর বিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছে। এছাড়া তাদের দল রেফারির কাছ থেকে অন্যায্য সুবিধা পেয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে।
তবে ব্যক্তিগত পর্যায়ে ফুটবলারদের ওপর আক্রমণের ক্ষেত্রে আর্জেন্টিনার অবস্থান ছিল চতুর্থ। ফুটবলারদের সবচেয়ে বেশি নিশানা করেছে ফ্রান্স, ইংল্যান্ড ও পর্তুগালের নেটিজেনরা। এসব ব্যক্তিগত আক্রমণের সিংহভাগই ছিল বর্ণবাদী শ্লেষ, যা মূলত আফ্রিকান বংশোদ্ভূত খেলোয়াড়দের লক্ষ্য করে ছড়ানো হয়েছে।
ফিফা জানিয়েছে, টুর্নামেন্টজুড়ে সবচেয়ে বেশি অনলাইন হয়রানির শিকার হওয়া ব্যক্তির পরিচয় গোপন রাখা হলেও, তার বিরুদ্ধে ১০ হাজারের বেশি আপত্তিকর পোস্ট করা হয়েছে। এই পোস্টগুলোর ৪০ শতাংশই ছিল বর্ণবাদী। এছাড়া ওই ব্যক্তির বিরুদ্ধে সমকামিতা বিদ্বেষ, নারীবিদ্বেষ ও ট্রান্সজেন্ডার-বিদ্বেষমূলক বার্তাও ছড়ানো হয়েছে।

