গাজীপুরে বিকাশের গাড়ি আটকে ৩ কোটি টাকা লুট, গুলিবিদ্ধসহ আহত ৪

গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের কর্মীদের বহনকারী একটি প্রাইভেটকারের গতিরোধ করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় শ্রীপুর-গোসিংগা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের পেটে গুলি লেগেছে। লুট হওয়া টাকার পরিমাণ প্রাথমিকভাবে প্রায় তিন কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

হামলার শিকার ব্যক্তিরা হলেন বিকাশের তিন কর্মকর্তা ও তাঁদের গাড়িচালক। তাঁরা নরসিংদীর বিভিন্ন বিকাশ এজেন্টের কাছ থেকে চার কোটি টাকা সংগ্রহ করে মাওনায় ফিরছিলেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, ঢাকা মেট্রো-গ ৩৫-০৭০১ নম্বরের প্রাইভেটকারটি কর্ণপুর গ্রামের বনবেষ্টিত সড়কে পৌঁছালে ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পথ আটকে দেয়।

দুর্বৃত্তরা গাড়ির কাচ ভেঙে ভেতরে থাকা বিকাশের ক্যাশ ম্যানেজার হিমেলের পেটে গুলি করে। এরপর তাঁকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। এছাড়া অন্য দুই কর্মকর্তা ও গাড়িচালককেও পিটিয়ে আহত করা হয়। হামলাকারীরা গাড়ির পেছনে রাখা তিনটি বস্তার মধ্যে দুটি নিয়ে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ ৩৫ বছর বয়সী হিমেল মাওনা এলাকার বিকাশের ক্যাশ ম্যানেজার। আহত অন্য তিনজন হলেন ভালুকা এন্টারপ্রাইজ শ্রীপুরের ডিসিএম ফাহাদ হোসেন (৩০), মাওনা বিকাশের সুপারভাইজার রিফাত আহমেদ (২০) এবং গাড়িচালক লাল মিয়া (২৫)। ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হিমেলকে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক সরকার জানান, আহত চারজনের মধ্যে একজনের পেটে গুলির ক্ষত ছিল। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, হামলার শিকার ব্যক্তিদের সঙ্গে কোনো নিরাপত্তাকর্মী ছিলেন না এবং চার কোটি টাকা পরিবহনের জন্য কোনো পুলিশি নিরাপত্তাও নেওয়া হয়নি। ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রাইভেটকারে থাকা তিন বিকাশকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।