দিনাজপুরের প্রধান সরকারি চিকিৎসাকেন্দ্র দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তীব্র জনবল সংকট, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতির অচলাবস্থা এবং ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি রোগীর চাপে স্বাস্থ্যসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। ৫০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ রোগী ভর্তি থাকছেন। এছাড়া বহির্বিভাগেও প্রতিদিন চিকিৎসা নিতে আসছেন প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষ। অতিরিক্ত রোগীর স্থান সংকুলান না হওয়ায় অনেককেই হাসপাতালের মেঝে, বারান্দা ও করিডোরে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে চিকিৎসকসহ অনুমোদিত মোট ১ হাজার ১২০টি পদের বিপরীতে কর্মরত আছেন ৯৫৪ জন এবং শূন্য রয়েছে ১২৬টি পদ। চিকিৎসকদের ২১৮টি পদের মধ্যে ৮৮টি পদই খালি, যা মোট পদের প্রায় ৪০ শতাংশ। এছাড়া প্রথম শ্রেণির নার্সিংয়ের অনুমোদিত চারটি পদের সব কটিই শূন্য। মূলত ২৫০ শয্যার জনবল দিয়েই চলছে এই ৫০০ শয্যার হাসপাতাল। অতিরিক্ত রোগীর চাপের কারণে ওষুধ ও খাবার সরবরাহ করতে গিয়েও হিমশিম খাচ্ছেন নার্স ও কর্মচারীরা।
হাসপাতালের বহির্বিভাগেও রোগীদের উপচে পড়া ভিড় দেখা যায়। সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকিট এবং চিকিৎসকের কক্ষের সামনে রোগীদের দীর্ঘ লাইন তৈরি হয়, যাতে চরম ভোগান্তিতে পড়েন গুরুতর অসুস্থ, শিশু ও বয়স্ক রোগীরা। এদিকে এমআরআই ও সিটি স্ক্যানসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি অচল হয়ে পড়ে আছে। বিশেষ করে হাসপাতালের এমআরআই মেশিনটি দীর্ঘ ১১ বছর ধরে বন্ধ রয়েছে। ফলে দরিদ্র রোগীদের অতিরিক্ত টাকা খরচ করে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে। আবার জনবল সংকটের কারণে হাসপাতালের নিজস্ব প্যাথলজি বিভাগের কার্যক্রম অনেক সময় দুপুর ১২টার মধ্যেই বন্ধ হয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
বিরল উপজেলা থেকে আসা ৭০ বছর বয়সী নিউরো রোগী কাদের নেওয়াজের ছেলে মুহাম্মদ কামারুজ্জামান জানান, তার বাবাকে হাসপাতালে ভর্তির পর চিকিৎসক ৮ থেকে ১০টি পরীক্ষা করতে দিয়েছিলেন। কিন্তু রক্তের একটি পরীক্ষা ছাড়া বাকি সব পরীক্ষাই তাদের বাইরে থেকে করাতে হয়েছে। একই অভিজ্ঞতার কথা জানান কাহারোল উপজেলা থেকে আসা সড়ক দুর্ঘটনায় আহত শরিফুলের ভাই। চিকিৎসকের নির্দেশিত এক্স-রেসহ সব পরীক্ষা তাদের বাইরে থেকে করাতে হয়েছে। এই সুযোগে হাসপাতালের বহির্বিভাগ, প্যাথলজি, জরুরি বিভাগ ও প্রধান ফটকের সামনে দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা কম খরচে ও দ্রুত পরীক্ষার প্রলোভন দেখিয়ে রোগীদের বেসরকারি ক্লিনিকে নিয়ে যাচ্ছে। এছাড়া হাসপাতালের সিঁড়ি ও খালি জায়গায় ময়লা-আবর্জনা এবং বাথরুমের দুর্গন্ধের কারণে রোগী ও স্বজনদের ভোগান্তি আরও বেড়েছে।
হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে পরিচালক ডা. জাহাঙ্গীর কবির জানান, জনবল সংকটের কারণে কিছু সেবায় বিঘ্ন ঘটছে। অচল যন্ত্রপাতি সচল করার চেষ্টা চলছে। তবে এমআরআই ও সিটি স্ক্যান মেশিন দুটিকে ইতিমধ্যে বাতিল ঘোষণা করে নতুন মেশিনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চাহিদাপত্র পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুতই নতুন মেশিন পাওয়া যাবে। অন্যান্য যন্ত্রপাতি সচল করতে কাজ চলছে। এছাড়া হাসপাতালে এক হাজার শয্যার জন্য প্রয়োজনীয় জনবল কাঠামোর একটি তালিকা প্রস্তুত করে দ্রুতই মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে তিনি জানান।

