সীতাকুণ্ডে গৃহবধূর হাত-পা ও গলা বাঁধা লাশ উদ্ধার, স্বামীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বামীর বাড়ির পাশে একটি কলাবাগান থেকে চন্দনা রানী শীল (২৬) নামের এক গৃহবধূর হাত-পা ও গলা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াল স্কুলসংলগ্ন এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী অজয় দাসসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত চন্দনা সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বসরত নগর এলাকার বাসিন্দা জিতেন্দ্র দাস ও বালা দাসের মেয়ে। স্বজনদের অভিযোগ, প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কে কুমিরা ইউনিয়নের অজয় দাসের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে চন্দনাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো।

পরিবারের ভাষ্যমতে, ঘটনার আগের দিনও নির্যাতনের শিকার হয়ে চন্দনা বাবার বাড়িতে ফিরে এসেছিলেন। পরে পরিবারের সদস্যদের আশ্বাসের ভিত্তিতে তিনি আবার স্বামীর বাড়িতে ফিরে যান। এর পরদিন সকালেই স্থানীয় বাসিন্দারা কলাবাগানের আইলে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে পরিবারের সদস্যরা চন্দনার লাশ শনাক্ত করেন।

সীতাকুণ্ড মডেল থানার এসআই উত্তম জানিয়েছেন, নিহতের বাবার দায়ের করা হত্যা মামলায় স্বামী অজয় দাসসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও আলামত পর্যালোচনার মাধ্যমে হত্যাকাণ্ডে তাদের ভূমিকা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, যৌতুকের বিরোধ, পরকীয়াসংক্রান্ত কোনো বিরোধ নাকি অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।