অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের মৃত্যু

অক্টোবর মাসের প্রথম নয় দিনে দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ৫০ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে, যার ফলে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা ২৯৫ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে ১ হাজার ৩০০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক ভর্তি হওয়া রোগীর তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১৮ জন, খুলনা বিভাগে ২৭৪ জন, বরিশাল বিভাগে ১৪১ জন, রংপুর বিভাগে ৮০ জন এবং ময়মনসিংহ বিভাগে ৬৯ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সিলেট বিভাগে ৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৬ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত মোট ২৯৫ জনের মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, এর মধ্যে ঢাকা বিভাগেই সর্বোচ্চ ১৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা বিভাগে ৬০ জন, বরিশাল বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন।