আইপিএল ও পিএসএল টানা তৃতীয় বছরের মতো ২০২৭ সালেও একই সময়ে মাঠে গড়াবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৮ মার্চ থেকে ২ মে পর্যন্ত। এই সময়টি আইপিএলের সম্ভাব্য সময়ের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
২০২৪ সাল পর্যন্ত পিএসএল সাধারণত ফেব্রুয়ারি ও মার্চ মাসে আয়োজিত হতো। তবে আইসিসির ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে ২০২৫ সাল থেকে পিসিবিকে এই টুর্নামেন্ট এপ্রিল-মে উইন্ডোতে সরিয়ে নিতে হয়। মূলত পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণেই সূচিতে এই পরিবর্তন আনতে হয়েছিল।
আইপিএলের সঙ্গে সূচির সংঘর্ষ এড়াতে পিসিবি এবার পিএসএলকে আবারও জানুয়ারি-ফেব্রুয়ারিতে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল। তবে এতে আপত্তি জানায় পিএসএলের মিডিয়া স্বত্ব পাওয়া প্রতিষ্ঠান ওয়ালি টেকনোলজিস। তাদের দাবি ছিল, রমজান মাসে বিজ্ঞাপনদাতারা তাদের মার্কেটিং ও টেলিভিশন বিজ্ঞাপনের বাজেটের বড় অংশ ব্যয় করে ফেলেন, ফলে রমজানের পর পিএসএল আয়োজন করলে সম্প্রচার আয় কমে যাওয়ার ঝুঁকি থাকে।
অন্যদিকে, জানুয়ারি-ফেব্রুয়ারিতে টুর্নামেন্টটি আয়োজনেও পিসিবি বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়। বিশেষ করে লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডিতে ওই সময়ে তীব্র শীত ও ঘন কুয়াশা থাকে। এছাড়া পিএসএলের একটি গুরুত্বপূর্ণ অংশ রমজান মাসে পড়ে যায়। সব দিক বিবেচনা করে এবং ফ্র্যাঞ্চাইজিদের ভোটাভুটির পর শেষপর্যন্ত ১৮ মার্চ থেকে ২ মে পর্যন্ত পিএসএল আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

