হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেপাল যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশের হেনস্তা ও বাধা দেওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন ভুক্তভোগী তিন নারী। গত বৃহস্পতিবার রাজারবাগের সংশ্লিষ্ট কার্যালয়ে প্রায় ছয় ঘণ্টা ধরে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাঁদের জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দিতে তাঁরা ইমিগ্রেশন পুলিশের বিরুদ্ধে পোশাক, আর্থিক সামর্থ্য ও ব্যক্তিগত বিষয় নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং অবিবাহিত হওয়ার কারণে বিদেশ যেতে না দেওয়ার অভিযোগ তুলে ধরেন।
হাইকোর্টের নির্দেশনার পর এই অভিযোগ নিষ্পত্তির জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির নোটিশ পেয়ে বৃহস্পতিবার ওই তিন তরুণী সাক্ষ্য দিতে উপস্থিত হন। তাদের আইনজীবী ইশরাত হাসান জানান, দীর্ঘ সময় ধরে চলা এই প্রক্রিয়ায় তরুণীরা ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে নিজেদের বক্তব্য জমা দিয়েছেন।
এর আগে গত ৮ আগস্ট বৈধ পাসপোর্ট, ভিসা, হোটেল বুকিং ও বিমান টিকিট নিয়ে নেপাল ভ্রমণের উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন এই তিন নারী। কিন্তু ইমিগ্রেশন পুলিশ তাঁদের আটকে দেয়। এই ঘটনার প্রতিকার চেয়ে গত ৩০ আগস্ট পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক বরাবর অভিযোগ করেন তাঁরা। সেখানে কোনো ফল না পেয়ে তাঁরা উচ্চ আদালতে রিট আবেদন করেন। গত ২৯ সেপ্টেম্বর হাইকোর্ট এক রুলে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শককে ওই তিন নারীর অভিযোগ দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেন।
তদন্ত কমিটির কাছে দেওয়া জবানবন্দিতে এক নারী জানান, তিনি ২০২৫ সাল থেকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির (বিমস) সঙ্গে যুক্ত। নেপালে বিমসের প্রতিনিধি থাকায় তাঁরা সেখানে ভ্রমণের পরিকল্পনা করেছিলেন। পরিবারের সম্মতি নিয়েই তাঁরা যাচ্ছিলেন। কিন্তু বোর্ডিং পাস নিয়ে টার্মিনালে যাওয়ার সময় তাঁদের একটি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের সঙ্গে অত্যন্ত আপত্তিকর আচরণ করা হয়। তাঁর স্টুডেন্ট আইডি কার্ডে হিজাব পরা ছবি দেখে এক পুলিশ সদস্য মন্তব্য করেন, 'একেক সময় একেক বেশ ধরেন।'
ঐ নারী আরও অভিযোগ করেন, তাঁর ভ্রমণের বিষয়ে জানতে পুলিশ তাঁর বাবাকে ফোন করে বলে, 'আপনার মেয়ে কী করে না করে খবর রাখেন? কৃষকের মেয়ে হয়ে কী করে ঘুরতে দেশের বাইরে যাচ্ছেন?' এই ঘটনার পর তাঁর বাবা তীব্র মানসিক ট্রমার মধ্যে পড়েন এবং পরবর্তীতে ১৭ আগস্ট এক দুর্ঘটনায় শিকার হয়ে মারা যান।
আরেক ভুক্তভোগী নারী, যিনি ২০২৩ সাল থেকে বিমসের প্রশিক্ষক ও কোষাধ্যক্ষ হিসেবে কাজ করছেন, তিনি জবানবন্দিতে বলেন, বিমানবন্দরে তাঁদের বৈধ কাগজপত্র যথাযথভাবে যাচাই না করে অত্যন্ত অসংগতিপূর্ণ প্রশ্ন করা হয়। এমনকি নেপালের হোটেল বুকিংয়ে থাকা এক নেপালি ব্যক্তির নাম দেখেও পুলিশ সদস্যরা বাজে মন্তব্য করেন। একপর্যায়ে এক পুলিশ সদস্য তাঁদের জানান যে, তাঁদের অ্যারাইভাল টার্মিনাল দিয়ে বাইরে বের করে দেওয়া হবে। কারণ জানতে চাইলে ওই পুলিশ সদস্য সরাসরি বলেন, 'আপনারা অবিবাহিত, তাই আপনাদের যেতে দেওয়া হচ্ছে না।' বের করে দেওয়ার সময় তাঁদের কোনো লিখিত কাগজও দেওয়া হয়নি।
তৃতীয় নারীও বিমসে কর্মরত। তিনি জানান, তাঁর কাছে বোর্ডিং পাস, বৈধ পাসপোর্ট, হোটেল বুকিং ও ডলার এনডোর্সমেন্টসহ সব সঠিক কাগজপত্র ছিল। তা সত্ত্বেও পুলিশ তাঁর কাছে স্টুডেন্ট আইডি দেখতে চায় এবং বিশ্ববিদ্যালয়ের ডিনকে ফোন করতে বলে। তিনি এতে আপত্তি জানালে পুলিশ সদস্য বলেন, তিনি নিজে চাইলে তাঁর ঊর্ধ্বতনকে ফোন করতে পারেন, তাহলে ওই নারী কেন ডিনকে ফোন করতে পারবেন না? এছাড়া তাঁর ভ্রমণের টাকার উৎস কী, তা নিয়ে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করা হয় এবং একপর্যায়ে তাঁর পাসপোর্ট রেখে দেওয়া হয়। পুলিশ সদস্যরা তাঁদের অভিভাবকদের ফোনে তাঁদের পেশা ও পোশাক নিয়ে আজেবাজে মন্তব্য করেন বলেও তিনি অভিযোগ করেন।
জিজ্ঞাসাবাদের সময় তদন্ত কমিটি ওই নারীদের কাছে জানতে চায়, নেপালের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার কোনো আমন্ত্রণপত্র তাঁদের কাছে ছিল কি না। জবাবে তাঁরা জানান, তাঁদের মূল উদ্দেশ্য ছিল সাধারণ ভ্রমণ। তবে নেপালে বিমসের শাখা থাকায় সেখানকার কোঅর্ডিনেটর সিমরানের মাধ্যমে অনানুষ্ঠানিকভাবে নেপালের প্রধান বিচারপতির সঙ্গে একটি সাক্ষাৎ ও নৈশভোজের পরিকল্পনা ছিল। নেপালের হোটেল বুকিং ও রিটার্ন টিকিট তাঁদের কাছে ছিল এবং ইন্টার্নশিপ করা প্রতিষ্ঠানের কোনো অনাপত্তিপত্র (এনওসি) তাঁদের ক্ষেত্রে প্রয়োজন ছিল না বলেও জবানবন্দিতে উল্লেখ করেন তাঁরা।

