দীর্ঘ বিরতি ভেঙে অভিনয়ে ফিরলেন অভিনেত্রী জারা মনি

দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকার পর আবারও ক্যামেরার সামনে ফিরেছেন অভিনেত্রী জারা মনি। বিরতি ভেঙে নতুন নাটকের শুটিংয়ের মধ্য দিয়ে তিনি পুনরায় অভিনয়ে সরব হয়েছেন। সম্প্রতি তিনি রতন রহমান পরিচালিত ‘মা যখন বৃদ্ধাশ্রমে’ নামের একটি নাটকের কাজ শেষ করেছেন। নাটকটির গল্পে পরিবার, সম্পর্ক এবং আবেগের বিভিন্ন দিক ফুটে উঠেছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

নাটকের পাশাপাশি একটি ওভিসিতেও কাজ করেছেন জারা মনি। নতুন করে কাজে ফেরার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ব্যক্তিগত বিভিন্ন কারণে বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে থাকতে হয়েছিল। তবে অভিনয়ের প্রতি ভালোবাসা সবসময়ই ছিল, তাই আবারও কাজে ফিরতে পেরে তিনি আনন্দিত। নতুন নাটকটির গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় তিনি এই কাজটি করেছেন।

জারা মনি আরও জানান, এখন থেকে তিনি নিয়মিত অভিনয়ে ফিরতে চান। কাজের পরিমাণের চেয়ে মানের ওপর গুরুত্ব দিয়ে ভালো গল্প ও চরিত্রে নিয়মিত কাজ করার পরিকল্পনার কথা জানান তিনি। দর্শকের জন্য নতুন কিছু উপহার দেওয়ার ইচ্ছার কথাও প্রকাশ করেছেন এই অভিনেত্রী। দীর্ঘ বিরতি শেষে এখন অভিনয়ের মাধ্যমেই নিজের জায়গাটিকে আবারও শক্ত করতে কাজ করে যাচ্ছেন জারা মনি।