বাংলাদেশের প্রযুক্তি, পরিবহন এবং লজিস্টিকস খাতে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে উত্তর-পূর্ব ইউরোপের দেশ লিথুয়ানিয়া। দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে দেশটির পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার ভিডমান্টাস ভার্বিকাস এফবিসিসিআই’র প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে লিথুয়ানিয়ার বিনিয়োগ আগ্রহকে স্বাগত জানালেও এফবিসিসিআই প্রশাসক ভিসা প্রক্রিয়া সহজীকরণের ওপর জোর দিয়েছেন। তিনি জানান, বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য অন্য দেশে গিয়ে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা বেশ কষ্টসাধ্য। এ সময় তিনি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ লিথুয়ানিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের অপার সম্ভাবনার কথা তুলে ধরেন। ফজলুল হক আশা প্রকাশ করেন যে, লিথুয়ানিয়ার উন্নত প্রযুক্তি, পরিবহন ও লজিস্টিকস খাতের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ লাভবান হতে পারবে।
লিথুয়ানিয়ার ভাইস মিনিস্টার ভিডমান্টাস ভার্বিকাস জানান, ইউরোপের পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাজার সম্প্রসারণ তাদের অন্যতম লক্ষ্য। তিনি বাংলাদেশকে এই অঞ্চলের একটি কৌশলগত বাণিজ্যিক হাব হিসেবে ব্যবহারের আগ্রহ প্রকাশ করেন। ভিসা সংক্রান্ত জটিলতার বিষয়ে তিনি জানান, ঢাকায় ভিসা সেবাকেন্দ্র চালু করা কিংবা শেনজেনভুক্ত অন্য কোনো দেশের কনস্যুলেটের মাধ্যমে ভিসা প্রক্রিয়া সহজ করার উপায় খোঁজা হচ্ছে।
বৈঠকে লিথুয়ানিয়ার এই প্রতিনিধি দল বাংলাদেশী ব্যবসায়ী প্রতিনিধিদের আগামী বছর লিথুয়ানিয়ায় অনুষ্ঠিতব্য ‘ডিজিটেক সামিট’ এবং ইউরোপীয় ইউনিয়ন-বাংলাদেশ বিজনেস ফোরামে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। বৈঠকে এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর, ভারতে নিযুক্ত লিথুয়ানিয়া দূতাবাসের ডেপুটি হেড অব মিশন লুকাস কিসিয়েলিউস এবং লিথুয়ানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অ্যাটাচে মিস ক্রিসটিনা উপস্থিত ছিলেন।

