২০২৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে কানাডীয় লেখিকা অ্যান কারসনের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১টায় (বাংলাদেশ সময় বিকাল ৫টা) রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। নোবেল কমিটি কারসনের সাহিত্যকর্মকে ‘সাহসী ও সৃজনশীল সাহিত্যসম্ভার’ বা ‘bold and inventive oeuvre’ হিসেবে অভিহিত করেছে।
কমিটির ভাষ্যমতে, ধ্রুপদি ঐতিহ্যের সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যের নতুন নতুন রূপ সৃষ্টি করার স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। ৭৬ বছর বয়সী এই লেখিকার কাজের পরিধি কেবল কবিতার প্রচলিত কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়। তার লেখায় প্রবন্ধ, অনুবাদ, নাট্যধর্মী রচনা এবং প্রাচীন গ্রিক সাহিত্য ও দর্শনের প্রতি গভীর অনুরাগের এক স্বতন্ত্র সমন্বয় দেখা যায়, যা প্রচলিত ধারার সীমারেখা অতিক্রম করে নতুন ভাষা ও আঙ্গিক নির্মাণে ভূমিকা রেখেছে।
অ্যান প্যাট্রিসিয়া কারসন ১৯৫০ সালের ২১ জুন কানাডার টরন্টোতে জন্মগ্রহণ করেন। ব্যাংকার বাবার চাকরির সুবাদে শৈশবে দেশটির বিভিন্ন ছোট শহরে তার বেড়ে ওঠা। কৈশোরেই স্কুলের এক ল্যাটিন শিক্ষকের অনুপ্রেরণায় প্রাচীন গ্রিক ভাষা ও সাহিত্যের প্রতি তার আগ্রহ জন্মায়, যা পরবর্তীকালে তার একাডেমিক ও সাহিত্যিক জীবনের ভিত্তি হয়ে দাঁড়ায়। তিনি টরন্টো বিশ্ববিদ্যালয়ের সেন্ট মাইকেলস কলেজে ক্লাসিকস বা প্রাচীন গ্রিক-রোমান সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন।
সাহিত্যে নোবেল জয়ের মাধ্যমে কারসনের দীর্ঘ সাহিত্যজীবন আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় পৌঁছাল। তার এই পুরস্কার প্রাপ্তির বিষয়টি এমন এক সাহিত্যধারাকে সামনে নিয়ে এসেছে, যেখানে পুরোনো ঐতিহ্যকে অনুসরণ করার পাশাপাশি সেটিকে নতুনভাবে পুনর্নির্মাণ করা হয়।
উল্লেখ্য যে, ৫ অক্টোবর চিকিৎসাবিজ্ঞানে কার্ল দেইসেরাথ, পিটার হেগেমান ও জর্জ ন্যাগেলের নাম ঘোষণার মধ্য দিয়ে ২০২৬ সালের নোবেল সপ্তাহ শুরু হয়। এরপর পদার্থবিজ্ঞানে বেলজিয়ান-মার্কিন ফ্রান্সিস হালজেন এবং রসায়নে ফরাসি হেনরি বি. কাগান ও জাপানি কেনসো সোয়াইকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আগামী শুক্রবার (৯ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, গত সোমবার (৫ অক্টোবর) চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ী নাম ঘোষণার মাধ্যমে ২০২৬ সালের নোবেল সপ্তাহ শুরু হয়। মানুষের মস্তিষ্কের কোষ কীভাবে স্মৃতি, অনুভূতি ও আচরণ নিয়ন্ত্রণ করে— দীর্ঘদিনের এই রহস্য উন্মোচনের জন্য এবার চিকিৎসায় নোবেল পুরস্কার জিতেছেন ৩ জন বিজ্ঞানী— কার্ল দেইসেরাথ, পিটার হেগেমান এবং জর্জ ন্যাগেল।
পরদিন মঙ্গলবার (৬ অক্টোবর) ২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

