বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য বৃদ্ধি এবং ভিসা প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সাথে সাক্ষাৎ করেন ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তা। বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের নাগরিকদের যাতায়াত সহজ করতে ভিসা প্রক্রিয়া সহজীকরণ, বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা পুনরায় চালু করা এবং সরাসরি বিমান ফ্লাইট চালুর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে, বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় ভ্রমণকারী বিপুল সংখ্যক পর্যটকের নিরাপত্তা, সুযোগ ও সুবিধা নিশ্চিত করার বিষয়টি আলোচনায় বিশেষভাবে স্থান পায়। এছাড়া, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং শিক্ষা খাতে সংযোগ সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।
অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করতে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পর্যটন ও শিক্ষা খাতে সহযোগিতার নতুন সুযোগ কাজে লাগানোর আহ্বান জানানো হয়। এ সময় জ্বালানি খাতে গ্যাস ও তেল সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশে ইন্দোনেশীয় বিনিয়োগ বৃদ্ধি এবং উভয় দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে নিবিড় যোগাযোগ প্রতিষ্ঠার বিষয়েও দুই পক্ষ মতবিনিময় করেন। বাংলাদেশে ইন্দোনেশীয় কোম্পানিগুলোর কাজের সুযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের অংশ হিসেবে তৈরি পোশাক, পাট, কৃষি পণ্য এবং পাম অয়েলের পাশাপাশি হালাল পণ্য রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। উভয় পক্ষ বহুমাত্রিক সহযোগিতা জোরদার এবং অভিন্ন মুসলিম ভ্রাতৃত্বের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে একমত প্রকাশ করেন। এই দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওওয়াতী এবং ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবুল হাসান মৃধা উপস্থিত ছিলেন।

