ঢাকায় ডিএমপির অভিযানে ৫২৮ জন গ্রেপ্তার, দায়ের ৫৩ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৫২৮ জন গ্রেপ্তার হয়েছেন। এই সময়ের মধ্যে আইন অমান্য ও বিভিন্ন অপরাধের অভিযোগে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৬৭ জন, ওয়ারীতে ৭৫ জন, মতিঝিলে ৫৩ জন, তেজগাঁওয়ে ৭৩ জন, মিরপুরে ১০২ জন, গুলশানে ৫২ জন এবং উত্তরায় ৬৩ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগ ৯ জনকে এবং সিটিটিসি ১ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযান পরিচালনার সময় পুলিশ বিপুল পরিমাণ আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। এর মধ্যে ৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ২১৮ পিস ইয়াবা, ২.৬ গ্রাম হেরোইন এবং ২টি চাকু রয়েছে। এছাড়াও জব্দ করা হয়েছে ১টি বাস, ৯টি মোবাইল ফোন, ২৬০০ পিস জাল রেভিনিউ স্ট্যাম্প, ৩৩৫৬ পিস নন-জুডিসিয়াল স্ট্যাম্প এবং নগদ ১ লক্ষ ৫৬ হাজার ৩২ টাকা।

পাশাপাশি ভেজাল ঔষধ, প্রসাধনী ও সেগুলো তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ৬২৭টি সিরাপ, ৬০০০টি ক্যাপসুল, ৩০টি ফেসওয়াস, ৩১০টি শ্যাম্পু, ৫ কেজি সাদা পাউডার, ১৫০টি হাইজিন ওয়াসের খালি মোড়ক ও বোতল, ৩০০টি লেভেল বিহীন সিরাপের বোতল, ক্যাপসুল সেল ভরার মেশিন, ৬টি ক্যাপসুল ভরার যন্ত্রাংশ এবং লেভেল লাগানোর ২টি সাচ।