ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক গণরুম ও গেস্টরুম সংস্কৃতির নামে শিক্ষার্থীদের ওপর চালানো শারীরিক ও মানসিক নির্যাতনের ইতিহাসকে স্মরণ রাখতে ‘আর্তনাদ-নীরব ক্রন্দন’ নামে একটি স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এই স্মৃতিস্তম্ভটি স্থাপন ও উদ্বোধন করে।
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকীর দিনটিকে কেন্দ্র করে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহকে সঙ্গে নিয়ে স্মৃতিস্তম্ভটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। অনুষ্ঠানে ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনিরসহ বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ডাকসুর উদ্যোগে নির্মিত এই ‘আর্তনাদ’ স্মৃতিস্তম্ভটি মূলত গণরুম ও গেস্টরুম সংস্কৃতির আড়ালে শিক্ষার্থীদের ওপর চালানো রাজনৈতিক নিয়ন্ত্রণ, ভয়ভীতি এবং শারীরিক-মানসিক নির্যাতনের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ ও স্মরণের প্রতীক। স্থপতি নাজমুল ও তাঁর দলের নকশায় তৈরি এই স্মৃতিস্তম্ভের গায়ে উৎকীর্ণ রয়েছে, ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে আজ সেই কণ্ঠই প্রতিধ্বনিত।’ এই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ডাকসুর জিএস এস এম ফরহাদ এবং এর নামকরণ করেন এজিএস মহিউদ্দিন খান। নির্মাণ ও বাস্তবায়নের সার্বিক দায়িত্বে ছিলেন ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার। এছাড়া এই কাজে আরও যুক্ত ছিলেন ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম এবং সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের।
উদ্বোধনী অনুষ্ঠানে আবেগঘন বক্তব্য দেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। তিনি বলেন, একজন বাবা হিসেবে নিজের সন্তানকে হারানোর কষ্ট তিনি কখনই ভুলতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে নিজের মত প্রকাশ করার অপরাধে আবরারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, যা মেনে নেওয়া অত্যন্ত কঠিন। ডাকসুর ভিপি সাদিক কায়েম তাঁর বক্তব্যে বলেন, আবাসিক হলগুলোতে দীর্ঘদিন ধরে গণরুম ও গেস্টরুমের যে অপসংস্কৃতি ছিল, তা দিয়ে শিক্ষার্থীদের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ ও অমানবিক নির্যাতন চালানো হতো। এর ফলে বহু শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন, এমনকি অনেকের জীবনও ঝরে গেছে। এই ‘আর্তনাদ’ স্মৃতিস্তম্ভটি সেই ভয়াবহ নিপীড়নের ইতিহাসকে প্রজন্মের পর প্রজন্ম মনে করিয়ে দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার তাগিদ দেবে।

