ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে শ্রেণিকক্ষে হিজাব ও নিকাব পরিহিত এক ছাত্রীকে হেনস্তা করার গুরুতর অভিযোগ উঠেছে। ওই ছাত্রীকে কটাক্ষ করার পাশাপাশি তাকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করেছেন ওই শিক্ষক বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
সংগঠনটির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রগতিশীলতার দোহাই দিয়ে হিজাব ও নিকাববিদ্বেষের কোনো সুযোগ নেই। তাদের দাবি, অভিযুক্ত শিক্ষকের এই মন্তব্য ব্যক্তিগত প্রতিহিংসা ও ‘হিজাবোফোবিয়া’ বা ধর্মীয় পোশাকের প্রতি বিদ্বেষের বহিঃপ্রকাশ।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মূল লক্ষ্য ছিল রাষ্ট্র থেকে ফ্যাসিবাদী সংস্কৃতির মূলোৎপাটন করা। এত আত্মত্যাগের পরও দেশের গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যাসিবাদী সংস্কৃতির ধারকদের বহাল তবিয়তে থাকা অত্যন্ত দুঃখজনক।
এদিকে, সহপাঠীর ওপর এমন আচরণের প্রতিবাদে শ্রেণিকক্ষের সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অবস্থান নিয়েছেন এবং ক্লাস বর্জনের মতো সিদ্ধান্ত গ্রহণ করেছেন। শিক্ষার্থীদের এই সাহসী পদক্ষেপের প্রশংসা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছে সংগঠনটি। তাদের মতে, ধর্মীয় পোশাক পরিধানের কারণে কোনো শিক্ষার্থীকে বৈষম্য বা হয়রানির শিকার হতে হলে তা বিশ্ববিদ্যালয়ের লিখিত নীতিমালায় শাস্তিযোগ্য অসদাচরণ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে নির্ধারিত শাস্তি নিশ্চিত করার পাশাপাশি শাস্তির মাত্রা ও প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করার দাবি জানিয়েছে সংগঠনটি।

