ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার আনুষ্ঠানিক চুক্তি করেছে রাষ্ট্রমালিকানাধীন বিমান পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বুধবার সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলার একটি হোটেলে আয়োজিত ‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শিরোনামের অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসেন এবং এয়ারবাস ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমায়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় বিমান এয়ারবাস থেকে চারটি এ৩৫০-৯০০ এবং ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ সংগ্রহ করবে। এর মধ্যে প্রশস্ত কাঠামোর এ৩৫০-৯০০ মূলত দূরপাল্লার আন্তর্জাতিক রুটে এবং সরু কাঠামোর এ৩২১নিও মাঝারি ও আঞ্চলিক রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। যদিও এই ১০টি উড়োজাহাজ ক্রয়ে মোট কত অর্থ ব্যয় হবে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০৩৩ সাল থেকে পর্যায়ক্রমে ২০৩৬ বা ২০৩৭ সাল পর্যন্ত এই উড়োজাহাজগুলো বিমানের বহরে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বর্তমানে দেশের মাত্র ২০ শতাংশ যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনস ব্যবহার করেন, যা তিনি ৫০ শতাংশে উন্নীত করতে চান। তিনি জানান, বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে পিপিপি ভিত্তিতে রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহল (এমআরও) কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, কাউকে খুশি করতে নয়, বরং বাংলাদেশের এভিয়েশন খাতের প্রয়োজন মেটাতেই এই চুক্তি করা হয়েছে।
অনুষ্ঠানে এয়ারবাসের প্রধান নির্বাহী কর্মকর্তা গিয়োম ফোরি এক ভিডিও বার্তায় বিমানের প্রবৃদ্ধিতে সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ কুক, জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ, ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে ও স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিসতিয়েগা ওচহোওয়া দি চিনচিত্রু এই অংশীদারত্বকে বাংলাদেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নের প্রতীক হিসেবে অভিহিত করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এই চুক্তিকে বিমানের ইতিহাসে মাইলফলক হিসেবে উল্লেখ করেন। এর আগে চলতি বছর বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান। গত ৩০ এপ্রিল প্রথম দফায় প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারে (প্রায় ৪৫ হাজার ৪০৮ কোটি টাকা) ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়। এর মধ্যে রয়েছে আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ ও চারটি ৭৩৭-৮। দ্বিতীয় দফায় গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি সই হয়। এর মধ্যে পাঁচটি ৭৮৭-১০ ও ছয়টি ৭৩৭-৮ ম্যাক্স। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বলছে, বোয়িংয়ের উড়োজাহাজ আসা শুরু হতে পারে ২০৩১ সালে। বর্তমানে বিমানের বহরে ১৯টি উড়োজাহাজ থাকলেও এয়ারবাস ও বোয়িংয়ের নতুন উড়োজাহাজগুলো যুক্ত হলে এই সংখ্যা ৫০ ছাড়িয়ে যাবে। এটি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইউরোপের দুই নির্মাতার উড়োজাহাজ নিয়ে বিমানের বহর পরিচালনার পথ তৈরি করবে।

