সিনেমা জগতে তারকাদের নিয়ে নানা গুঞ্জন বা রটনা ডালপালা মেলে। যার একটি বড় অংশ সময়ের সঙ্গে মিলিয়ে গেলেও কিছু চর্চা দীর্ঘস্থায়ী হয়। টলিপাড়ায় একসময় অঙ্কুশ হাজরা ও নুসরাত জাহানকে নিয়ে এমনই এক প্রেমের গুঞ্জন রটেছিল। যদিও সেই আলোচনা এখন অনেকটাই স্তিমিত, তবুও দর্শক বা অনুরাগীদের স্মৃতি থেকে তা একেবারে মুছে যায়নি। অতীতে এই জুটি একসঙ্গে ‘জামাই ৪২০’, ‘কেলোর কীর্তি’, ‘আমি যে কে তোমার’, ‘খিলাড়ি’ কিংবা ‘হরিপদ ব্যান্ডওয়ালা’র মতো জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন।
তবে একসময় হঠাৎ করেই এই সফল জুটিকে আর একসঙ্গে পর্দায় দেখা যায়নি। টলিপাড়ার অন্দরে গুঞ্জন ছিল, নুসরাতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অঙ্কুশ। এমনকি এ কথাও শোনা গিয়েছিল যে, ঐন্দ্রিলা সেনের সঙ্গে অঙ্কুশের সম্পর্কের সূচনার পরই নাকি এই জুটির দূরত্ব তৈরি হয়। ব্যক্তিগত জীবনের এই অধ্যায় নিয়ে এবার নিজেই খোলামেলা কথা বললেন অভিনেতা।
কেন একসঙ্গে কাজ করছেন না তারা? নুসরাতের সঙ্গে প্রেমের যাবতীয় গুঞ্জন উড়িয়ে দিয়ে অঙ্কুশ স্পষ্ট ভাষায় জানান, তাদের মধ্যে কখনোই কোনো প্রেমের সম্পর্ক ছিল না। গণমাধ্যমের কাছে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি বলেন, তাদের মধ্যে কোনো প্রেমের ব্যাপার ছিল না। তিনি ও নুসরাত মোটে ছয় থেকে সাতটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। কাজের সুবাদে যে কোনো সহ-শিল্পীর সঙ্গে যেমন স্বাভাবিক সখ্য বা বন্ডিং গড়ে ওঠে, তাদের মধ্যেও ঠিক তেমনই ছিল। এর বাইরে প্রেমের কোনো সম্পর্ক ছিল না বলেই দাবি করেন তিনি।

