শিশুদের শৈশব নিরাপদ ও ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশবকে নিরাপদ এবং তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, প্রতিটি শিশুর ভেতরেই সুপ্ত সম্ভাবনা ও প্রতিভা লুকিয়ে রয়েছে। সেই প্রতিভার যথাযথ বিকাশের জন্য শিশুদের জন্য উপযুক্ত পরিবেশ এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা তৈরি করা জরুরি। তবেই নতুন উদ্দীপনায় শিশুরা তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে এগিয়ে যেতে পারবে।

আজ শিশু অধিকার দিবস-২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি বা সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহিলা, শিশু ও সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে ১৫০ জন শিশু তাদের উষ্ণ অভ্যর্থনা জানায়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা হয়। ডা. জুবাইদা রহমান শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং দেশের সকল শিশু-কিশোরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

স্মৃতিচারণ করে ডা. জুবাইদা রহমান বলেন, আজ থেকে ঠিক ৫০ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে নানা প্রতিকূলতা পেরিয়ে বিগত পাঁচ দশক ধরে প্রতিষ্ঠানটি শিশুদের সম্ভাবনা ও সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ছবি আঁকা, সংগীত, নৃত্য, আবৃত্তি ও সাহিত্যচর্চার মতো সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে এই একাডেমির প্রাঙ্গণ থেকে অসংখ্য শিশুর মেধা ও প্রতিভা বিকশিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন。

দেশের শিশুদের অধিকার রক্ষা ও শিক্ষার সুযোগ প্রসারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে ডা. জুবাইদা রহমান বলেন, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা চালু এবং মেয়েদের অবৈতনিক শিক্ষার প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন।

তিনি আরও বলেন, সুবর্ণজয়ন্তীর এই ঐতিহাসিক মুহূর্তে নতুন উদ্যোগ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশ শিশু একাডেমিকে দেশের প্রতিটি প্রান্তের সব শিশুর দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। আগামী দিনগুলোতেও এই প্রতিষ্ঠানটি শিশুদের স্বপ্ন পূরণের এবং প্রতিভা বিকাশের একটি নির্ভরযোগ্য আশ্রয়স্থল হয়ে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত শিশু-কিশোরদের উদ্দেশে ডা. জুবাইদা রহমান বলেন, সব বাধা-বিপত্তি পেরিয়ে তোমাদের বিকশিত হতে হবে এবং আশা-আকাঙ্ক্ষার সার্থকতাকে বরণ করে নিতে হবে। প্রতিটি শিশুর শৈশব নিরাপদ ও ভবিষ্যৎ সুরক্ষিত হোক—এটাই আমাদের একমাত্র কামনা। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান শিশুদের পরিবেশিত একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং শিশুদের আঁকা ছবি নিয়ে আয়োজিত প্রদর্শনী ও আলোকচিত্র গ্যালারি ঘুরে দেখেন।