দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বব্যাংকের সঙ্গে নতুন একটি ঋণচুক্তি সই করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। সোমবার (৫ অক্টোবর) ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চুক্তি অনুযায়ী, রোপণ মৌসুমে কৃষকদের জন্য সার সহজলভ্য করতে বাংলাদেশকে ৩০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। বর্তমান বাজারদর অনুযায়ী এ অর্থের পরিমাণ প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা।
চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির বাংলাদেশ ও ভুটানের পরিচালক জ্যঁ পেম। ‘জরুরি খাদ্যনিরাপত্তা সহায়তা প্রকল্প’ বাস্তবায়নে এই অর্থ ব্যয় করা হবে। প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি অর্থ বিভাগ বাস্তবায়ন করবে এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এতে সমন্বয়কারী হিসেবে কাজ করবে।
ইআরডির বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পটির মূল লক্ষ্য হলো রোপণ মৌসুমে প্রয়োজনীয় সারের সরবরাহ নিশ্চিত রাখা। এর মাধ্যমে ক্ষুদ্র কৃষকদের জন্য সার সহজলভ্য করে কৃষি উৎপাদন বজায় রাখা এবং সামগ্রিক খাদ্যনিরাপত্তায় অবদান রাখা সম্ভব হবে।
চুক্তির শর্ত অনুযায়ী, বিশ্বব্যাংকের এই ঋণের মেয়াদ ২৫ বছর। এর মধ্যে প্রথম পাঁচ বছর গ্রেস পিরিয়ড হিসেবে গণ্য হবে, অর্থাৎ এই সময়ে মূল অর্থ পরিশোধে ছাড় পাওয়া যাবে। এর আগেও বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, অবকাঠামো, জ্বালানি খাত এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কারমূলক কর্মসূচিতে বিশ্বব্যাংক অর্থায়ন করেছে।

