ভারত সফর নিয়ে কূটনৈতিক আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এ অংশ নেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সফরের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরিতে কূটনৈতিক চ্যানেলে নিয়মিত যোগাযোগ ও সম্পৃক্ততা বজায় রাখা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, দুই দেশের সম্পর্কের বিদ্যমান চ্যালেঞ্জগুলো ইতিবাচকভাবে মোকাবিলা করা সম্ভব হলে এ বিষয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে।

সফরকে কেন্দ্র করে শীর্ষ পর্যায়ের সংলাপের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের সময়ই শীর্ষ পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হবে। তবে তার আগে সরকারি ও কর্মকর্তা পর্যায়ে আলোচনা চালিয়ে সফরের জন্য প্রয়োজনীয় সহায়ক পরিবেশ তৈরি করতে হবে।

আগামী অক্টোবরে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সরকার বিষয়টি নিয়ে কাজ করছে এবং এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ও পদক্ষেপ যথাসময়ে স্পষ্ট করা হবে।

নভেম্বরে প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন বলে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের খবর বাংলাদেশ থেকেই নিতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যখন ভারত সফরে যাবেন, তখন তিনি নিজেই ব্রিফিং করবেন এবং সাংবাদিকরা সবার আগে সফরসংক্রান্ত তথ্য জানতে পারবেন। সফরের সময় সম্পর্কে কোনো ইঙ্গিত না দিলেও তিনি জানান, জাতীয় স্বার্থের জন্য যা ভালো, সরকার সেই পথেই এগোবে।