রাজধানীতে চার্জিং স্টেশনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকেরা। সোমবার সকাল সাড়ে ১০টার পর থেকে শত শত চালক পল্টন ও জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা অবরোধ করে অবস্থান নেন। এর পাশাপাশি রাজধানীর আরও কিছু এলাকায় অটোরিকশাচালকরা বিক্ষোভ ও খণ্ড খণ্ড মিছিল বের করেছেন। এতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে এবং সৃষ্টি হয়েছে তীব্র যানজটের, যার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না।
এদিকে সকাল থেকেই রাজধানীর রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল প্রায় বন্ধ রয়েছে। অটোরিকশা চালকদের এই বিক্ষোভ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। রমনা বিভাগের পুলিশের উপ-কমিশনার জাহিদুল ইসলাম বলেন, ‘পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। অটোরিকশাচালকদের সমাবেশ থেকে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সে ব্যাপারে আমরা সতর্ক রয়েছি।’ এছাড়া শাহবাগ থানা থেকেও জানানো হয়েছে যে, অটোরিকশাচালকরা খণ্ড খণ্ড মিছিল বের করায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

