বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৪ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। শিক্ষকদের স্মরণ করা এবং তাদের সম্মান জানানোর লক্ষ্যেই মূলত এ আয়োজনের সূচনা। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'স্ট্যান্ডিং উইথ টিচার্স: সিক্সটি ইয়ার্স অব প্রোটেকটিং দ্য প্রফেশন, অ্যাডভান্সিং ইটস স্ট্যাটাস, শেপিং আওয়ার ফিউচার্স'।
দিবসটি উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আজ দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একটি কেন্দ্রীয় উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মানিত শিক্ষকগণের হাতে নগদ ২ লাখ টাকা, ক্রেস্ট এবং সম্মাননা সনদ তুলে দেবেন।
চলতি বছর থেকে জাতীয় পর্যায়ে সম্মাননা প্রদানের পরিধি ১২ জন থেকে বাড়িয়ে ১০০ জনে উন্নীত করা হয়েছে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে এই ১০০ জন গুণী শিক্ষককে নির্বাচিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রাথমিক স্তরে ১০ জন, মাধ্যমিক স্তরে ২০ জন, কলেজে ২৫ জন, সাধারণ বিশ্ববিদ্যালয়ে ২০ জন, মেডিকেল কলেজে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩ জন, বিজ্ঞান ও প্রযুক্তিসহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে ৪ জন এবং প্রধানমন্ত্রীর বিশেষ কোটায় ৫ জন শিক্ষককে এই সম্মাননা দেওয়া হচ্ছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সমন্বয়ে গঠিত পৃথক সার্চ কমিটির সুপারিশকৃত প্যানেল থেকে জাতীয় স্টিয়ারিং কমিটি চূড়ান্তভাবে এই ১০০ জন শিক্ষককে নির্বাচন করেছে।
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, বর্তমান সরকার প্রাথমিক থেকে উচ্চশিক্ষার প্রতিটি ধারাকে মূল্যায়নের আওতায় এনেছে। শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও পেশাগত স্বীকৃতি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের মাঝে সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের বীজ বপন করে শিক্ষকরাই একটি আত্মমর্যাদাশীল জাতি গঠনে ভূমিকা রাখেন।
উল্লেখ্য, ১৯৯৩ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ সভায় ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ১৯৯৪ সাল থেকে দিবসটি পালনের প্রচলন শুরু হয়। এ বছরের নীতিমালা অনুযায়ী, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এবং উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে।

