পুঁজিবাজার পুনরুজ্জীবিত ও সম্প্রসারণের লক্ষ্যে সরকার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে এবং আগামী এক বছরের মধ্যে দেশের পুঁজিবাজারের চিত্র সম্পূর্ণ বদলে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (৪ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে আয়োজিত ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস (আইওএসসিও) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমে পুঁজিবাজারকে পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে এবং আগামী এক বছরের মধ্যে এর পরিবর্তিত রূপ দৃশ্যমান হবে। বর্তমানে পুঁজিবাজারে বাস্তবভিত্তিক ‘উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম’ প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্যে কোনো কোনো অংশীজনের ক্ষেত্রে হয়তো কঠিন সিদ্ধান্তও নিতে হতে পারে। তিনি জানান, বাংলাদেশ এখন প্রচলিত অর্থায়নের উৎসের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে তার আর্থিক কাঠামোতে মৌলিক পরিবর্তন আনার দিকে অগ্রসর হচ্ছে। সরকার দেশের সরকারি অর্থব্যবস্থা এবং বেসরকারি খাতের অর্থায়নের কাঠামোতেও পরিবর্তন আনতে চায়। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে উচ্চ সুদে ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নেওয়ার পরিবর্তে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের সুযোগ তৈরি করে দিতে হবে।
বিশ্বমানের অর্থনীতির সঙ্গে তাল মেলানোর প্রয়োজনীয়তা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশকে এখন ‘হাই স্ট্রিট থেকে ওয়ার্ল্ড স্ট্রিট’-এর দিকে যাত্রা করতে হবে। দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য আমাদের বন্ড মার্কেট, ডেরিভেটিভস, সিকিউরিটাইজেশন এবং ইক্যুইটি মার্কেটের ওপর জোর দেওয়া আবশ্যক। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রসঙ্গ টেনে তিনি বলেন, বৈদেশিক অর্থায়নের ওপর নির্ভরতা কমিয়ে আন্তর্জাতিক বাজার থেকে অর্থ সংগ্রহ করার সক্ষমতা তৈরি করতে হবে। আইএমএফের শর্তগুলো গ্রহণযোগ্য না থাকায় সরকার তাদের কর্মসূচি বাতিল করেছে বলেও তিনি এ সময় জানান।
পুঁজিবাজার শক্তিশালীকরণের লক্ষ্যে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইতোমধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কার, অটোমেশন, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নসহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া নিউইয়র্কে ডলার বন্ড এবং হংকংয়ে বাংলাদেশ ডেডিকেটেড ফান্ড প্রবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি সামুরাই বন্ড ও প্যান্ডা বন্ডের মতো বৈশ্বিক ফাইন্যান্সিয়াল প্রোডাক্টের মাধ্যমে দেশের পাবলিক ও প্রাইভেট সেক্টরের ফাইন্যান্সিং স্ট্রাকচার বদলে দেওয়া হবে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার যে লক্ষ্য রয়েছে, তার জন্য প্রতি বছর প্রায় ৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রয়োজন, যা কেবল গতানুগতিক বৈদেশিক ঋণ দিয়ে মেটানো সম্ভব নয়।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের জন্য বাংলাদেশকে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করতে হবে। তবে পুঁজিবাজারের এই উন্নয়ন শুধু বিএসইসি’র একক প্রচেষ্টায় সম্ভব নয়, এর জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অতীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বিচ্ছিন্নভাবে এবং পরস্পরের সঙ্গে কোনো সংযোগ ছাড়াই কাজ করেছে উল্লেখ করে তিনি বলেন, সমন্বিত উদ্যোগের অভাবই দেশের পুঁজিবাজারের অন্যতম প্রধান দুর্বলতা। একটি টেকসই পুঁজিবাজারের পরিবেশ গড়ে তুলতে তিনি সব অংশীজনকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

