ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় একটি সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন।
রবিবার রাত সোয়া ৯টার দিকে সদর দক্ষিণ উপজেলার মল্লিকা সিএনজি ফিলিং স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে সদর দক্ষিণ ফায়ার সার্ভিস এবং পরবর্তীতে কুমিল্লা ইপিজেড ও কুমিল্লা সদর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। সদর দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফ আহমদ কবির ঘটনাস্থল থেকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে সক্ষম হলেও সংশ্লিষ্ট ফিলিং স্টেশনের পাইপলাইন থেকে বিকট শব্দে গ্যাস বের হতে দেখা গেছে। আগুন নেভানোর এই তৎপরতার সময় ফুয়াদ হোসেন (২৪) নামের এক ফায়ার ফাইটার আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত ফায়ার ফাইটারের চিকিৎসার বিষয়ে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মেজবাহ্ উদ্দীন জানান, আহত ওই কর্মীকে হাসপাতালে আনা হলে তাকে যথাযথ ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় এবং স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম।
আগুনের সূত্রপাত সম্পর্কে স্টেশন অফিসার শরীফ আহমদ কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসলাইনের কোনো লিকেজ অথবা অন্য কোনো কারিগরি ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় ফিলিং স্টেশনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। পুরো বিষয়টি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

