রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জিয়াউর রহমান হলের সামনে ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় চারজন গণমাধ্যমকর্মীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রামদা, চাপাতি, হকি স্টিক ও পাইপের মতো দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
হামলায় গুরুতর আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম। আহতরা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। হামলায় জাহিদুল ইসলামের মাথা ফেটে গেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে একটি মিছিল বের করে ছাত্রদল। জিয়াউর রহমান হল সংসদের জিএস আরিফুল ইসলামকে মারধর করার উদ্দেশ্যে তারা বস্তাভর্তি দেশীয় অস্ত্রসহ ওই হলের গেটে জড়ো হন। সেখানে সশস্ত্র নেতাকর্মীদের দেখে সমকাল ও আজকের পত্রিকার প্রতিনিধিরা ভিডিও ধারণ করতে গেলে প্রক্টরের উপস্থিতিতেই সমকালের প্রতিনিধিকে লাঠি দিয়ে বেধড়ক পেটানো শুরু হয়। এরপর আজকের পত্রিকার প্রতিনিধির মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে হামলাকারীরা। একপর্যায়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিকেও মারধর করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে প্রক্টর সাংবাদিকদের হলের ভেতরে ঢুকিয়ে গেটে তালা ঝুলিয়ে দেন।
সাংবাদিকদের ওপর হামলার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের অন্য সংবাদকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় দ্য ডেইলি স্টার ও আগামীর সময়ের প্রতিনিধিদের ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করেন ছাত্রদলের নেতাকর্মীরা। অন্যদের বাঁচাতে এগিয়ে আসা সাংবাদিকদেরও লাঠিপেটা করা হয় এবং তাদের পুঁতে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, ঘটনার সূত্রপাত রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারকে নিয়ে আহসান হাবীব নামে এক ব্যক্তির ফেসবুক পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে। আহসান হাবীবের অভিযোগ, ওই পোস্টের মন্তব্যে রাকসুর সহ-সংস্কৃতিক সম্পাদক রাকিবুল তার মা ও বোনকে নিয়ে গালাগাল করেছেন। তবে রাকিবুলের দাবি, আহসান হাবীব তাকে মারধরের হুমকি দিয়ে তার অবস্থান জানতে চেয়েছিলেন। এ নিয়ে পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে উভয় পক্ষই পাল্টাপাল্টি পোস্ট দেয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান বলেন, "আমরা ব্যর্থ। আমাদের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমরা পুলিশকে ফোন দিয়েছি কিন্তু পুলিশও ভয়ে পালিয়ে গেছে।"

