নিরাপত্তার বলয়েও গুলশানে বাড়ছে অপরাধ, আতঙ্কে বাসিন্দারা

বিদেশি দূতাবাস, করপোরেট অফিস এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আবাসস্থল হিসেবে পরিচিত রাজধানীর গুলশান এলাকাটি সবসময়ই বাড়তি নিরাপত্তা বলয়ে থাকে। পুলিশের নিয়মিত টহল, চেকপোস্ট, সিসি ক্যামেরা এবং গোয়েন্দা পুলিশের নজরদারি থাকা সত্ত্বেও এলাকাটিতে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে চলেছে। সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ সংগঠনের মিছিল, ককটেল বিস্ফোরণ, ছিনতাই, চাঁদাবাজি ও অপহরণের মতো ঘটনায় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, গুলশান বিভাগ অপরাধ প্রবণতার বাইরে নয়। ডিএমপির তালিকাভুক্ত ১ হাজার ২৮০ জন চাঁদাবাজের মধ্যে অনেক সশস্ত্র অপরাধী গুলশান-১ ও ২ এলাকায় সক্রিয় রয়েছে। এই চক্রগুলো স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান, ফুটপাথের দোকান, বাজার ও ইন্টারনেট-ক্যাবল ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে চাঁদাবাজি করছে। বিশেষ করে রাত ও ভোরের দিকে একা চলাচলকারী মানুষ, মোটরসাইকেল আরোহী কিংবা নগদ অর্থ বহনকারী ব্যক্তিদের টার্গেট করা হচ্ছে। শুধু তাই নয়, দিনদুপুরে গাড়িতে তুলে হাত-মুখ বেঁধে সর্বস্ব লুট করে রাস্তায় ফেলে দেয়ারও ঘটনা ঘটছে। গুলশান-২ এর ৯৬ নম্বর রোডের এক বাসিন্দা বলেন, কিছুদিন আগেই আমাদের বাসার এক কর্মী একটি কাজে বাইরে গিয়েছিলেন। এছাড়া ৯৯ নম্বর রোডের বাসিন্দারাও একই ধরনের আতঙ্কে রয়েছেন।

ভুক্তভোগীদের বর্ণনা অনুযায়ী, দাবিকৃত চাঁদা না দেয়ায় গুলশান লেকপাড় এলাকাতেও শরিফুল ইসলাম করিম নামে এক নার্সারি ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তরা। গুলশান এভিনিউয়ের ২৯ নম্বর রোডে যৌথ বাহিনীর পোশাক পরে এক ব্যবসায়ীর বাসায় ৪৬ লাখ টাকা এবং ৬০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়ারও ঘটনা ঘটে। সম্প্রতি গুলশানের ৩ নম্বর রোডে আগে থেকে সংঘবদ্ধ হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সংগঠনের তৎপরতাও লক্ষ্য করা গেছে। এছাড়া নাভানা টাওয়ারের কাছে অপহরণের ঘটনা এবং ডিএনসিসি মার্কেটের সামনে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে কোটি টাকা ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে।

সম্প্রতি গুলশান-২ এর ১০৩ নম্বর রোডে একটি ভবনে ৫০ জনের একটি দল নিরাপত্তাকর্মীদের বেঁধে ডাকাতির চেষ্টা চালায়। গত ৩/৪ সেপ্টেম্বর বনানীতে ডাকাতির প্রস্তুতির সময় পাঁচজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ, যাদের কাছ থেকে বিদেশি পিস্তল ও পুলিশের মনোগ্রামযুক্ত হ্যান্ডকাফ উদ্ধার করা হয়। অভিযানে গ্রেপ্তারদের মধ্যে একজন র‍্যাব সদস্যও ছিলেন। এছাড়া বারিধারায় এক শ্রমিককে লক্ষ্য করে গুলি এবং নার্সারি ব্যবসায়ীকে চাঁদাবাজির জন্য গুলি করার মতো সহিংস ঘটনাও ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা উদ্বেগ জানিয়ে বলছেন, গুলশানের মতো এলাকায় নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতাকে আরও বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি দূতাবাসের নিরাপত্তা নিয়েও হুমকির খবর স্থানীয়দের উদ্বিগ্ন করেছে। এলাকার বাসিন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করে গভীর রাতে একা চলাচল না করা এবং অপরিচিত গাড়ি দেখলে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।

এসব বিষয়ে এসআরবি’র আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানিয়েছেন, নিয়মিত টহল ও চেকপোস্টের পাশাপাশি সাদা পোশাকে নজরদারি ও অভিযান চালানো হচ্ছে। নতুন যোগ দেয়া গুলশান থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, গুলশানের আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য এলাকার তুলনায় ভালো বলে তারা বিশ্বাস করেন।