বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিদেশি স্টেশনগুলোতে চরম অনিয়ম, অব্যবস্থাপনা ও আন্তর্জাতিক এভিয়েশন নিরাপত্তাবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। উড়োজাহাজের কারিগরি ত্রুটি মেরামতে প্রকৌশলীদের সঙ্গে অসহযোগিতা, প্রয়োজনীয় এয়ারপোর্ট সিকিউরিটি পাস ছাড়াই দায়িত্ব পালন, ব্যাগেজ চুরি, কনটেইনার নিয়ে নয়ছয় এবং স্বজনপ্রীতির মাধ্যমে অনভিজ্ঞ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে বসানোর মতো গুরুতর বিষয়গুলো এখন সামনে এসেছে। এসব স্টেশনে অযোগ্য কর্মকর্তাদের দাপটের কারণে বিমানের যাত্রীসেবা বিঘ্নিত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
সম্প্রতি মদিনা স্টেশন ম্যানেজার মিজানুর রহমানের গাফিলতির কারণে ওমরাহ যাত্রীদের জমজমের পানি নিয়ে চরম ভোগান্তি পোহাতে হয়। বিমানের বিজি-৩৩৮ ফ্লাইটে ১৮টি কনটেইনারের মধ্যে ১৭টি সময়মতো অফলোড করা হলেও জমজমের পানি থাকা ১৮ নম্বর কনটেইনারটি মদিনায় ফেলে রাখা হয়। এমনকি ঢাকার ব্যাগেজ কন্ট্রোলকে এ বিষয়ে কোনো তথ্যও দেওয়া হয়নি। ফলে ব্যাগেজ বেল্টে জমজমের পানি পৌঁছাতে চরম ভোগান্তি তৈরি হয়। এই ঘটনায় বিমানের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয় এবং কর্মকর্তাদের সঙ্গে বাগ্বিতণ্ডার জেরে গ্রেফতার হন মেজর (অব.) আক্তারুজ্জামান। সংশ্লিষ্ট সূত্র জানায়, গুরুত্বপূর্ণ মদিনা স্টেশনের দায়িত্বে থাকা মিজানুর রহমানের গ্রাউন্ড সার্ভিসে পূর্ববর্তী কোনো কাজের অভিজ্ঞতা নেই।
এদিকে গত আগস্টে রোমের ফিওমিচিনো বিমানবন্দরে বিমানের বোয়িং উড়োজাহাজের ফ্লাইট বিজি-৩০৬ কারিগরি ত্রুটির কারণে যাত্রীসহ ৪০ ঘণ্টারও বেশি সময় আটকে থাকলেও স্টেশন ম্যানেজার বিষয়টি জানতেনই না। এ ঘটনায় ঢাকা থেকে জরুরি ভিত্তিতে উদ্ধার সরঞ্জামসহ সেখানে পাঠানো হয় প্রকৌশল বিভাগের শীর্ষ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ ও ইশাক বাবুকে। কিন্তু রোমের কান্ট্রি ম্যানেজার আব্দুল্লাহ আল হোসাইন ও স্টেশন ম্যানেজার দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় ‘এয়ারপোর্ট সিকিউরিটি পাস’ ছাড়াই দায়িত্ব পালন করায় প্রকৌশলীদের জন্য ক্লিয়ারেন্সের ব্যবস্থা করতে পারেননি। ফলে ঘণ্টার পর ঘণ্টা টার্মিনালে অপেক্ষা করতে হয় তাদের। মাত্র ৩০ মিনিটে উড়োজাহাজটি সচল করার পর প্রকৌশলীদের ফেলে রেখেই চলে যান স্টেশনের দায়িত্বপ্রাপ্তরা। গভীর রাতে নিজেদের খরচে ট্যাক্সি নিয়ে হোটেলে ফিরতে হয় ওই প্রকৌশলীদের।
সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরেও গত ৩১ আগস্ট বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটে বড় ধরনের কারিগরি জটিলতা দেখা দেয়। ১৫১ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ওড়ার প্রস্তুতির সময় ককপিটের আর-৪ উইন্ডোতে ফাটল ধরা পড়ে। কিন্তু স্টেশন ও সাপ্লাই চেইনের মধ্যে সমন্বয়হীনতার কারণে বিকল্প উপায়ে পার্টস পাঠানোর চেষ্টা ব্যর্থ হয়, যার ফলে যাত্রীরা দীর্ঘ ভোগান্তিতে পড়েন। পরবর্তীতে ঢাকা থেকে শিডিউল ফ্লাইটে পার্টস ও অতিরিক্ত প্রকৌশলী পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। ১ সেপ্টেম্বর থাইল্যান্ডের ব্যাংকক বিমানবন্দরেও যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের একটি উড়োজাহাজ দীর্ঘ সময় গ্রাউন্ডেড ছিল। সেখানে ঢাকা থেকে বিশেষ প্রকৌশলী দল পৌঁছালেও স্টেশন ম্যানেজারকে খুঁজে পাওয়া যায়নি, যার ফলে পারমিশন ও টুলস হ্যান্ডলিং নিয়ে মারাত্মক ভোগান্তি পোহাতে হয়।
কুয়েত স্টেশনে আবার স্বামী-স্ত্রীর পদায়নকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। স্টেশন ম্যানেজার মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে ব্যাগেজসংক্রান্ত গুরুতর অনিয়মের তদন্ত চলাকালেই একই স্টেশনে তার স্ত্রী শামীমা পারভীনকে পদায়ন করা হয়। চলতি বছরের ২৩ জানুয়ারি কুয়েত থেকে বিজি-৩৪৪ ফ্লাইটে ১৯৩ জন যাত্রী ঢাকায় আসার পর নিরাপত্তা বিভাগের অভিযানে ১৪ জন যাত্রীর লাগেজ পরীক্ষা করে ১২ জনের লাগেজেই অতিরিক্ত ওজন পাওয়া যায়। এই অতিরিক্ত ওজনের জন্য নেওয়া টাকার কোনো হিসাব সরকারি খাতায় ছিল না এবং অনেক যাত্রীকে রসিদও দেওয়া হয়নি। এই ঘটনার তদন্ত শেষ হওয়ার আগেই গ্রাউন্ড সার্ভিস বিভাগের সাবেক কর্মী শামীমা পারভীনকে সেখানে দায়িত্ব দেওয়া হয়।
এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম এ প্রসঙ্গে বলেন, বিদেশি স্টেশনগুলোতে দক্ষতা ও জবাবদিহির ঘাটতি থাকলে ফ্লাইট পরিচালনা ও যাত্রীসেবায় তার সরাসরি প্রভাব পড়ে। কর্মকর্তাদের এভিয়েশন আইন ও অপারেশন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা জরুরি। কোনো অনিয়ম বা গাফিলতির অভিযোগ উঠলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে এবং যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করতে হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, বিদেশি স্টেশনগুলোর এসব অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে এবং সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের দায়িত্বে অবহেলাকে প্রশ্রয় দেওয়া হবে না।
একের পর এক বিশৃঙ্খলার পর গত ৩ সেপ্টেম্বর থেকে বিদেশি স্টেশন ব্যবস্থাপনায় কড়াকড়ি আরোপ করেছে বিমান কর্তৃপক্ষ। করপোরেট ও জব ডেসক্রিপশন ম্যানুয়েল অনুযায়ী দায়িত্ব নিশ্চিত করতে জরুরি প্রশাসনিক আদেশ জারি করা হয়েছে। এছাড়া ৩০ সেপ্টেম্বর আরও একটি প্রশাসনিক আদেশের মাধ্যমে বৈদেশিক স্টেশনে বদলি পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। এই পর্ষদের সভাপতি করা হয়েছে বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইওকে। সদস্য হিসেবে আছেন উপব্যবস্থাপনা পরিচালক ও ডিসিইও, সব পরিচালক এবং মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ)। বিদেশি স্টেশনে কর্মকর্তাদের পদায়নের ক্ষেত্রে টেকনিক্যাল দক্ষতা, যোগ্যতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এই নতুন কাঠামো তৈরি করা হয়েছে বলে বিমানের এক কর্মকর্তা জানিয়েছেন।

