লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, আটক ২

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দিঘলদি গ্রামের বাসিন্দা শান্ত মজুমদার (১৭) নামে এক কিশোরকে চুরির অভিযোগে হাত-পা বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে। এই অমানবিক নির্যাতনের ১ মিনিট ৩২ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে হায়দরগঞ্জ বাজারের পাশের কেওড়াডুগি গ্রামে চুরির একটি ঘটনা ঘটেছিল। ওই চুরির সঙ্গে শান্ত মজুমদার জড়িত—এমন সন্দেহে কেওড়াডুগি এলাকার লোকজন তাকে আটক করেন। এরপর তার ভাই অন্তর মজুমদারসহ স্থানীয় কয়েকজন বখাটে যুবক মিলে কিশোর শান্তর হাত-পা বেঁধে লাঠি দিয়ে বেদম মারধর করেন।

ঘটনার শিকার শান্ত মজুমদার মুঠোফোনে জানান, তিনি চুরির সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তিনি অভিযোগ করেন, কোনো অপরাধ ছাড়াই কেবল সন্দেহের বশে তাকে বেঁধে নির্যাতন করা হয়েছে। সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়ে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

এ ঘটনায় শনিবার সন্ধ্যায় দিঘলদি গ্রামের রাকিব হোসেন ও কাইয়ুম নামের দুই কিশোরকে আটক করেছে পুলিশ। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন ভূঁইয়া জানান, হাত বেঁধে মারধরের ভিডিওটি প্রশাসনের নজরে আসার পর দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। আটককৃতদের থানায় নিয়ে আসা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।