দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম হাসপাতালে গিয়ে ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মাঝআকাশে সহকারী পাইলটের কুঠার হামলার মুখে বীরত্ব দেখিয়ে বিমান ও যাত্রীদের রক্ষা করায় স্মিতের প্রতি গভীর শ্রদ্ধা ও প্রশংসা প্রকাশ করেছেন তিনি। বর্তমানে গুরুতর আহত অবস্থায় দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই সাহসী পাইলট।
গত বুধবার দুবাই থেকে তেলআবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বোয়িং ৭৩৭ বিমানে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। বিমানটি যখন প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় উড়ছিল, তখন হঠাৎ সহকারী পাইলট হামাম আলহামামি ককপিটে থাকা 'ক্র্যাশ অ্যাক্স' বা কুঠার দিয়ে ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের ওপর অতর্কিত হামলা চালান। হামলার পর সহকারী পাইলট বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ারও চেষ্টা করেন। ওই বিমানে ২৪ জন শিশুসহ ১৭০ জনেরও বেশি যাত্রী ছিলেন।
হামলার ঘটনার পরপরই বিমানটি প্রতি মিনিটে প্রায় ২৩ হাজার ফুট গতিতে তীব্র বেগে নিচে নামতে শুরু করে এবং একপর্যায়ে প্রায় ১৫ হাজার ৬০০ ফুট উচ্চতায় চলে আসে। এ সময় গুরুতর ও রক্তাক্ত জখম নিয়েও ক্যাপ্টেন স্মিত মাচ্ছার অসীম সাহসিকতার পরিচয় দেন। তিনি কোনোমতে ককপিটের দরজা খুলে দিতে সক্ষম হন। দরজা খোলার পর কয়েকজন যাত্রী ও কেবিন ক্রু দ্রুত ককপিটে প্রবেশ করে হামলাকারী সহকারী পাইলটকে কাবু করেন। ফলে নিশ্চিত এক বড় ধরনের বিপর্যয় থেকে অল্পের জন্য রক্ষা পায় বিমানটি। সংযুক্ত আরব আমিরাতের প্রসিকিউটররা ইতিমধ্যে এই ঘটনাকে একটি ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন স্মিতের সঙ্গে দেখা করার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দেন ক্রাউন প্রিন্স শেখ হামদান। সেখানে তিনি লিখেন, ‘আমাদের পক্ষ থেকে এবং দেশের নেতৃত্বের পক্ষ থেকে তার প্রতি রয়েছে পূর্ণ কৃতজ্ঞতা ও প্রশংসা।’ তিনি আরও উল্লেখ করেন, স্মিত তাদের দলের অংশ, তাদের দেশের গল্পের অংশ এবং সংযুক্ত আরব আমিরাত যে মানবিক মূল্যবোধের প্রতিনিধিত্ব করে, স্মিত তারই একটি অংশ হিসেবে গর্বিত করেছেন। একই সঙ্গে তিনি আরব আমিরাতকে সহমর্মিতা, শান্তি এবং জীবনের প্রতি শ্রদ্ধাশীল একটি দেশ হিসেবে তুলে ধরেন। এক্সে শেয়ার করা ছবি ও ভিডিওতে ক্রাউন প্রিন্সকে স্মিতের খোঁজখবর নিতে এবং তাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করতে দেখা গেছে।

