মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে। এ সময়ে জেলেদের সহায়তার জন্য দেশের ৩৮টি জেলার ১৬৮টি উপজেলার মোট ৬ লাখ ৪৬ হাজার ২৯০টি জেলে পরিবারকে ১ হাজার ৬৫৭ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে এ চাল দেওয়া হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-২ শাখা থেকে গত ২৮ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি সরকারি আদেশ জারি করা হয়েছে। আদেশে জানানো হয়, আগামী ৬ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে। এই সময়ে সংশ্লিষ্ট জেলেদের জীবনযাত্রা নির্বাহে মানবিক সহায়তা হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হবে।
বরাদ্দের তালিকায় ঢাকা বিভাগের বিভিন্ন জেলার পাশাপাশি শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, মানিকগঞ্জসহ দেশের ইলিশ আহরণ-সংশ্লিষ্ট বিভিন্ন অঞ্চলের জেলে পরিবার অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে শরীয়তপুরের ২৬ হাজার ১২৯টি পরিবারের জন্য ৬৫৩ দশমিক ২২৫ মেট্রিক টন, মানিকগঞ্জের ৯ হাজার ২৬২টি পরিবারের জন্য ২৩১ দশমিক ৫৫ মেট্রিক টন এবং রাজবাড়ীর ৫ হাজার ৫৯২টি পরিবারের জন্য ১৩৯ দশমিক ৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়া রাজশাহী বিভাগের মোট ১৯ হাজার ৪১১টি জেলে পরিবারের অনুকূলে ৪৮৫ দশমিক ২৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। যার মধ্যে পাবনায় ৩ হাজার ৫০০টি পরিবারকে ৮৭ দশমিক ৫ মেট্রিক টন, বগুড়ায় ১ হাজার ৮৯০টি পরিবারকে ৪৭ দশমিক ২৫ মেট্রিক টন এবং নাটোরে ৭৫০টি পরিবারকে ১৮ দশমিক ৭৫ মেট্রিক টন চাল দেওয়া হবে। রংপুর বিভাগের কুড়িগ্রাম ও গাইবান্ধার ১৬ হাজার ১২৬টি জেলে পরিবারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৪০৩ দশমিক ১৫ মেট্রিক টন চাল। এর মধ্যে কুড়িগ্রামে ৯ হাজার ৬১৬টি পরিবারকে ২৪০ দশমিক ৪ মেট্রিক টন এবং গাইবান্ধায় ৬ হাজার ৫১০টি পরিবারকে ১৬২ দশমিক ৭৫ মেট্রিক টন চাল দেওয়া হবে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, জেলা প্রশাসকদের এই চাল নির্বাচিত ও প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা মেনে বিতরণ করতে হবে। আগামী ৭ অক্টোবরের মধ্যে চাল উত্তোলন ও বিতরণ সম্পন্ন করে নিরীক্ষার জন্য হিসাব সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সময়ের স্বল্পতার কারণে জেলা প্রশাসকদের বরাদ্দ পাওয়ার এক কার্যদিবসের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) অনুকূলে উপ-বরাদ্দ দিতে হবে।
একইভাবে ইউএনওরা উপ-বরাদ্দ পাওয়ার দুই কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনুকূলে ছাড়পত্র দেবেন। চাল বিতরণের সময় উপজেলা মৎস্য কর্মকর্তা বা তার প্রতিনিধি এবং ট্যাগ কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত করতে হবে। নিবন্ধিত বা কার্ডধারী জেলে ছাড়া অন্য কাউকে এই ভিজিএফের চাল দেওয়া যাবে না। মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের আওতায় ইলিশ ধরা নিষিদ্ধ হওয়ার আগে অর্থাৎ ৮ অক্টোবরের মধ্যে চাল বিতরণ পুরোপুরি সম্পন্ন করতে হবে। বিতরণ শেষ হওয়ার ১০ কার্যদিবসের মধ্যে প্রকৃত বিতরণের বিবরণী মৎস্য অধিদপ্তরের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

