অনুমোদিত সীমার বাইরে গোপন গুদামে শুল্কমুক্ত মদ মজুত রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি ওয়্যারহাউস সিলগালা করেছে একটি যৌথ তদন্ত দল। গত বৃহস্পতিবার ১ অক্টোবর গভীর রাতে রাজধানীর দক্ষিণ গুলশানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) যৌথভাবে অংশ নেয়।
প্রতিষ্ঠানটির নথিপত্র অনুযায়ী অনুমোদিত ওয়্যারহাউসের সংখ্যা ছিল দুটি, তবে সরেজমিনে গিয়ে চারটি গুদামে পণ্য মজুতের প্রমাণ পাওয়া যায়। বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য অবৈধভাবে সরিয়ে ফেলা বা খোলাবাজারে বিক্রির আশঙ্কায় এবং তদন্তের স্বার্থে অনুমোদিত দুটিসহ মোট চারটি ওয়্যারহাউসই তাৎক্ষণিক সিলগালা করে দেওয়া হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টস বন্ড মূলত বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিকদের জন্য শুল্কমুক্ত অ্যালকোহল সরবরাহের লাইসেন্সপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। তবে শুল্কমুক্ত মদ খোলাবাজারে বিক্রির অভিযোগে এনবিআর আগে থেকেই প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে অনুসন্ধান করছিল। এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও আয়কর গোয়েন্দা ইউনিট নুর ইসলাম ও তার পরিবারের কানাডায় আর্থিক লেনদেনের তথ্য সংগ্রহ করেছে। সেখানে নুর ইসলাম, তার স্ত্রী শীলা ইসলাম ও মেয়ে তাসনিম ইসলামের কানাডার নাগরিকত্ব এবং অন্তত চারটি কোম্পানির মালিকানার তথ্য পাওয়া গেছে, যা দেশের কর নথিতে গোপন রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এছাড়া ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত তাদের ১৬৩টি আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এক বছরে প্রায় ৯৫ কোটি টাকা রেমিট্যান্স আনার তথ্যও প্রতিবেদনে উঠে এসেছে।
অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, এই পদক্ষেপ সালমান মুক্তাদিরকে ঘিরে সাম্প্রতিক কোনো বিতর্কের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। নুর ইসলামের ব্যবসা ও কর ফাঁকির বিষয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আগে থেকেই কাজ করছিল। তবে গত ২৬ সেপ্টেম্বর দক্ষিণ মানিকদীর নিউ গিনি আবাসন প্রকল্পে হামলার পর সালমান মুক্তাদির সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে রাজনৈতিক মহলের চাঁদাবাজির অভিযোগ তোলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মন্তব্য করেন। এরপর থেকেই তার পরিবারের ওপর নজরদারি ও সংশ্লিষ্ট প্রক্রিয়ার গতি বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই হামলায় প্রতিষ্ঠানের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়ার করা মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে বুধবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সালমান মুক্তাদিরের ব্যক্তিগত সব ব্যাংক হিসাবের তথ্য তলব করেছিল।

