সিউলে অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ের পৃথক বৈঠকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সফরকালে দক্ষিণ কোরিয়ার প্রথম উপ-পররাষ্ট্রমন্ত্রী পার্ক ইউন-জু এবং জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী লি ডু-হির সঙ্গে বৈঠক করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্ক ইউন-জুর সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং-কে বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। বৈঠকে তিনি বাংলাদেশ-কোরিয়া কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সিইপিএ) স্বাক্ষরের অগ্রগতির প্রশংসা করে এটি দ্রুত সম্পন্ন করার আশা প্রকাশ করেন। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স, জাহাজ নির্মাণ, লাইট ইঞ্জিনিয়ারিং, আইসিটি এবং উচ্চমানের তৈরি পোশাক খাতে কোরীয় বিনিয়োগের আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী কৃষি-প্রক্রিয়াজাতকরণ, লজিস্টিকস, ডিজিটাল রূপান্তর এবং দক্ষতা উন্নয়নের মতো খাতে সহযোগিতার সুযোগ তুলে ধরেন। এছাড়া এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) মাধ্যমে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি। জলবায়ু সহনশীলতা ও অবকাঠামো উন্নয়নে কোরিয়ার অভিজ্ঞতাকে অনুকরণীয় উল্লেখ করে তিনি দেশটির নিয়মিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য কোরিয়াকে ধন্যবাদ জানান।
প্রতিরক্ষা উপমন্ত্রী লি ডু-হির সঙ্গে পৃথক বৈঠকে প্রতিমন্ত্রী প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রম এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার ওপর আলোকপাত করেন। তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনী, পুলিশ ও সিভিল ডিফেন্সের সদস্যদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর অনুরোধ জানান এবং কোরীয় সামরিক কর্মীদের বাংলাদেশের বিশেষায়িত কোর্সে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। প্রতিমন্ত্রী কোরীয় পক্ষকে বাংলাদেশে একটি প্রতিরক্ষা শিল্পাঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানান এবং প্রযুক্তি ও শিল্প সহযোগিতায় বিনিয়োগের আহ্বান জানান। কোরীয় পক্ষ বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে তাদের আগ্রহের কথা নিশ্চিত করেছে।

