দেশের ক্রীড়াঙ্গনে বৃহস্পতিবারের হতাশার পর শুক্রবার সুখবর নিয়ে এসেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মাটিতে তাদেরই হারিয়ে জয়োল্লাস করেছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচে স্বাগতিকদের ৩০ রানের ব্যবধানে পরাজিত করেছে টাইগ্রেসরা।
টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে। বাংলাদেশের ইনিংসের শুরুটা অবশ্য ভালো ছিল না। দলীয় রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন ওপেনার মাইমুনা নাহার। অপর ওপেনার জান্নাত ৬ বলে ৬ রান করেন এবং দলনেতা সাদিয়া ইসলাম ১২ রান করে আউট হন। এছাড়া বিবি আয়েশা ১৮ বল খেলে ৭ রান করেন। তবে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেন সাদিয়া আক্তার। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে নিশিতা আক্তার নিশির ব্যাট থেকে। এছাড়া কুমারি শ্রাবণী রানি ১২, ফারজানা ইয়াসমিন ৫ ও অদ্রিতা নওশিন ৬ রান করেন। পাকিস্তানের হয়ে মাহনুর জাইব সর্বোচ্চ তিনটি এবং রোজিনা আকরাম দুটি উইকেট শিকার করেন। এছাড়া আরও দুজন বোলার একটি করে উইকেট নেন।
১১৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার ইতিবাচক শুরুর ইঙ্গিত দিয়েছিলেন। রাভাইল ফারহান ১২ বলে ১৭ রান এবং কোমল খান ৩৯ বলে ২৯ রান করেন। তবে এই দুই ওপেনারের বিদায়ের পর পাকিস্তান ব্যাটিং লাইনআপে ধস নামে। দুই ওপেনার ছাড়া কেবল জোফিসান আইয়াজ (১২) দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৭ রানেই থেমে যায় স্বাগতিকদের ইনিংস।
বাংলাদেশের বোলারদের মধ্যে নিশিতা আক্তার নিশি সবচেয়ে সফল ছিলেন। তিনি ৪ ওভার বল করে মাত্র ১৬ রান খরচায় দুটি উইকেট তুলে নেন। এছাড়া ফারজানা ইয়াসিন, অদ্রিতা নওশিন ও আফরিন খান প্রত্যেকে একটি করে উইকেট শিকার করে দলের জয়ে অবদান রাখেন।

