বিমানবন্দরে বিশৃঙ্খলা ও হুমকির অভিযোগে জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরবর্তীতে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হলো।

এর আগে শুক্রবার দুপুরে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। সরকারি কাজে বাধা প্রদান ও বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলাটি করা হয়েছে। বর্তমানে বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলাম মামলাটির তদন্ত করছেন। এদিকে, মামলার এজাহার আদালতে উপস্থাপনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করেছেন।